অভিনেতা আরিফিন শুভকে দেখা গেল নতুন লুকে। তবে দেশের কোনো সিনেমা নয়। দেশের সীমানা পেরিয়ে এবার তিনি অভিনয় করছেন ভারতের একটি সিরিজে। নাম জ্যাজ সিটি, পরিচালনা করেছেন সৌমিক সেন। সৌরসেনি মৈত্রর বিপরীতে দেখা যাবে শুভকে। এরই মধ্যে সিরিজে তার লুক নিয়ে ঝড় উঠেছে সামাজিক যোগযোগমাধ্যমে। সত্তরের দশকের লুকে শুভকে দেখে প্রশংসা করছেন দর্শক।
সিরিজটি আসছে সোনি লিভ ওটিটি প্লাটফর্মে। গতকাল আসন্ন সিরিজের ফার্স্ট লুক প্রকাশ করেছে তারা। এতেই তিন সেকেন্ডের মতো দেখা যায় শুভকে। সেখানে একটি দৃশ্যে তাকে সিঁড়ি দিয়ে নামতে দেখা যায়। জমকালো বলরুমের আদলে বানানো সেটে ঘিয়ে স্যুটে দেখা গেছে শুভকে। আরেকটি দৃশ্যে ধূসর স্লিম কাট স্যুটে হেঁটে যেতে দেখা যায়। আরো একটি দৃশ্যে ফুল কারো হাতে দিচ্ছেন তিনি। সবগুলোই দর্শক পছন্দ করেছেন।
‘জ্যাজ সিটি’র প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে, রেট্রো সেটে শুটিং করা হয়েছে পুরো সিরিজটির। যাতে দর্শক সত্যিই ফিরে যান সেই সময়ের আবহে, সেটাই ছিল নির্মাতাদের লক্ষ্য।
এ প্রথমবার কোনো বলিউড প্রজেক্টে অভিনয় করছেন আরিফিন শুভ। দীর্ঘদিন ধরে ভক্তরা অপেক্ষায় ছিলেন তাকে আন্তর্জাতিক অঙ্গনে দেখতে। অবশেষে সেই প্রত্যাশা পূরণ হলো।









