সময়ের আলোচিত নাট্য পরিচালক মহিন খান। যিনি পরিচালনা করেছেন ‘জামাই শ্বশুরের লড়াই’ শিরোনামের একটি নাটক। পরিচালনার পাশাপাশি এটি রচনা করেছেন মহিন খান। এ নাটকে তারিক আনাম খান শ্বশুরের ভূমিকায় অভিনয় করেছেন। জামাইয়ের ভূমিকায় রয়েছেন নিলয় আলমগীর, তার স্ত্রীর ভূমিকায় হিমি।

১৮ নভেম্বর নাটকটি নিলয়ের ইউটিউব চ্যানেল ‘নাফ’-এ প্রকাশের পর কয়েক দিনেই ইউটিউব ট্রেন্ডিংয়ে চলে এসেছে। এখন পর্যন্ত নাটকটি ইউটিউবে উপভোগ করেছেন ২১ লাখের বেশি দর্শক। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে তারিক আনাম খান বলেন, ‘‘‘প্রিয় শ্বশুর আব্বা’’ নাটকটির জন্য বেশ ভালো সাড়া পাচ্ছিলাম। পরবর্তী সময় প্রকাশ পেল জামাই শ্বশুরের লড়াই। শ্বশুর যেন দর্শকের মধ্যে বিশাল একটি জায়গা করে নিয়েছে। খুব সাধারণ গল্পের মধ্য দিয়েই কমেডিকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এ নাটকে। বলা যেতে পারে এগুলো ট্রেন্ডি নাটক। এ নাটকে অভিনয়ের পর দর্শকের কাছ থেকে ব্যাপক ভালোবাসা পাচ্ছি। সম্প্রতি রাস্তায় বের হওয়ার পর একজন শ্রমিকের কাছ থেকেও নাটকটি সম্পর্কে আমি তার ভালো লাগার কথা জানতে পেরেছি।’

এ নাটকে নিলয় ও হিমির সঙ্গে কাজের দারুণ এক অভিজ্ঞতা হয়েছে তার। এ নিয়ে তিনি বলেন, ‘নিলয় অনেক সংগ্রামের পর অভিনয়ে নিজের একটি অবস্থান করে নিতে পেরেছে। প্রফেশনাল শিল্পীদের অভিনয়ে কারিশমা থাকে। তার মধ্যে সে ব্যাপারটা আছে, যে কারণে তার নাটকের প্রতি দর্শকের এখন প্রবল আগ্রহ রয়েছে। হিমিও তার কাজটি মন দিয়ে করে। কাজের প্রতি দুজনেরই প্রবল ভালোবাসা রয়েছে।’

তারিক আনাম খানকে নাটকের পাশাপাশি ওটিটিতেও নিয়মিত কাজ করতে দেখা যায়। তার অভিনীত জনপ্রিয় ওটিটি কনটেন্টের মধ্যে রয়েছে ‘ভাইরাস’, ‘অসময়’, ‘পাচঁফোড়ন’, ‘একাত্তর’, ‘বুকের মধ্যে আগুন’ ইত্যাদি।