গোলাম রাব্বানীর নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিশি এবার প্রথমবারের মতো আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। ৩৫তম এনভায়রনমেন্টাল মিডিয়া অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডে (ইমা অ্যাওয়ার্ড) সিনেমাটি নির্বাচিত হয়েছে, যা দেশের চলচ্চিত্রশিল্পের জন্য একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে ধরা হচ্ছে।

সিনেমাটির গল্প ও চিত্রনাট্য রচনা করেছেন গোলাম রাব্বানী। সহপরিচালক হিসেবে আছেন জহিরুল ইসলাম। প্রযোজনা সংস্থা ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া তাদের সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, এ নমিনেশন পাওয়ার মাধ্যমে নিশি বিশ্বের সেরা তিনটি স্টুডেন্ট ফিল্মের মধ্যে একটি হিসেবে স্বীকৃতি পেয়েছে।

সিনেমাটি নির্মাণে সহযোগিতা করেছে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ, গ্রিন ফিল্ম স্কুল অ্যালায়েন্স ও ইউনেস্কো ঢাকা।

নিশির গল্পে দেখা যাবে, একজন চা শ্রমিকের কন্যাসন্তানের পড়াশোনা পানির সংকটের কারণে বন্ধ হয়ে যায়। এরপর বাড়িতে একটি টিউবওয়েল দেয়ার প্রলোভন দেখিয়ে নাবালিকা নিশিকে বিয়ে করার চেষ্টা করে কাঠ ব্যবসায়ী লালচান।

সিনেমাটির পোস্ট প্রডাকশন কাজ সম্পন্ন হয়েছে পোল্যান্ডের লড ফিল্ম স্কুলে, যেখানে চূড়ান্ত সম্পাদনা, কালার গ্রেডিং ও সাউন্ড ডিজাইন করা হয়েছে। এটি বাংলাদেশের প্রথম চলচ্চিত্র, যার পোস্ট প্রডাকশন কাজ এ ফিল্ম স্কুলে হয়েছে। সিনেমার চিত্রগ্রহণ পরিচালনা করেছেন নাতালিয়া পুসনিক, যিনি ওই ফিল্ম স্কুলের প্রাক্তনী। শুটিং হয়েছে সিলেটের চা বাগানের বিভিন্ন লোকেশনে, যেখানে অভিনয় করেছেন স্থানীয় চা শ্রমিকরাই।

সিনেমাটি যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ১১ অক্টোবর লস অ্যাঞ্জেলেসের রেডফোর্ড স্টুডিও সেন্টারে প্রদর্শিত হয়েছে। প্রযোজক সংস্থা জানিয়েছে, এ প্রদর্শনীতে নিশি আন্তর্জাতিক চলচ্চিত্র মহলে বাংলাদেশের অবস্থান আরো দৃঢ় করবে।

গোলাম রাব্বানী জানান, সিনেমাটি বর্তমানে বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণের জন্য পাঠানো হচ্ছে। শিগগিরই বাংলাদেশের দর্শককেও এ চলচ্চিত্র দেখার সুযোগ দেয়া হবে। এর আগে এ চলচ্চিত্র নির্মাতার অন্যান্য কাজের মধ্যে ‘ছুরত’ ও ‘আনটাং’ ভেনিস ইন্টারকালচার ফিল্ম ফেস্টিভ্যাল, বুদাপেস্ট চলচ্চিত্র উৎসব ও ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারেবল মেনশন পেয়েছে।