ক’দিন বাদেই ঈদ। আর এ উৎসব বিনোদনের একটা অংশ জুড়ে থাকে বাংলা সিনেমা। ঈদকে কেন্দ্র করে অনেক নির্মাতা সিনেমা মুক্তি দেন। সারা বছর ব্যস্ততায় নিয়মিত হলে না গেলেও ঈদের ছুটিতে বন্ধু কিংবা পরিবারের সঙ্গে সিনেমা দেখার চল বহুদিনের। তাই বড়সংখ্যক দর্শকের বিষয়টি মাথায় রেখেই ঈদে মুক্তি পায় একাধিক সিনেমা। গত বছর রোজার ঈদে মুক্তি পেয়েছিল তিনটি সিনেমা। সবক’টি সিনেমাই দর্শক টেনেছিল। তবে সব ছাপিয়ে গিয়েছিল গত বছর ঈদুল আজহায় মুক্তি পাওয়া সিনেমা ‘পরাণ’। দলবেঁধে হলে সিনেমা দেখার দৃশ্য ফিরিয়ে এনেছিল সিনেমাটি।
এবার ঈদুল ফিতরের বাকি আর মাত্র কয়েকদিন। ঢাকাই সিনেমা অঙ্গনে তাই ব্যস্ততা এখন তুঙ্গে। গতে ঈদের তিনটির বিপরীতে এবারে মুক্তির মিছিলে রয়েছে নয়টি সিনেমা। বাংলা সিনেমার জন্য ভালো খবর নিশ্চয়ই। চলচ্চিত্র প্রদর্শক সমিতির সূত্রে জানা গেছে, এ ঈদে এখন পর্যন্ত মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলোর মধ্যে রয়েছে শাকিব-বুবলীর ‘লিডার: আমিই বাংলাদেশ’, অনন্ত জলিল-বর্ষার ‘কিল হিম’, রোশান-ববির ‘পাপ’, সজল-পূজার ‘জ্বীন’, ইয়াশ-ঐশীর ‘আদম’ ও জয়-অপুর ‘প্রেম প্রীতির বন্ধন’ ও বাপ্পী চৌধুর-জাহারা মিতু অভিনীত ‘শত্রু’।
এবারের ঈদের সিনেমাগুলোর মধ্যে নানা কারণে সবচেয়ে আলোচনায় আছে শাকিব খান ও শবনম বুবলী অভিনীত ‘লিডার: আমিই বাংলাদেশ’। সিনেমাটি পরিচালনা করেছেন জনপ্রিয় নাট্য নির্মাতা তপু খান। এটি নিয়ে তপু বলেন, ‘সিনেমাটি একটি বড় পরিসরের সিনেমা। আমাদের বড় উৎসব ঈদ। ভালো লাগছে যে ঈদে এটা মুক্তি পেতে যাচ্ছে।’ শাকিব ও বুবলী দুজনই এখন সিনেমাটির প্রচারণা নিয়ে ব্যস্ত। সামাজিক মাধ্যমে দুজনই বিভিন্ন পোস্ট করছেন লিডার নিয়ে। সিনেমাটির ট্রেলার ও গানও প্রকাশ পেয়েছে। শাকিব খান, বুবলীর পাশাপাশি অভিনয় করেছেন মিশা সওদাগর, শহিদুজ্জামান সেলিম, এল আর সীমান্ত, সুব্রতসহ অনেকে।
জান্নাতুল ফেরদৌস ঐশী ও ইয়াশ রোহান জুটির প্রথম সিনেমা ‘আদম’ নিয়েও আগ্রহ রয়েছে ভক্তদের। এরই মধ্যে সিনেমার ট্রেলার ও গান পেয়েছে প্রশংসা। আশির দশকে দক্ষিণাঞ্চলের গ্রামীণ জনপদে ঘটে যাওয়া কঠিন বাস্তবতা আর জীবনবোধের গল্পে নির্মিত আদম। সম্প্রতি ‘পরাণ’ ও কয়েকটি ওয়েব সিরিজে অভিনয় করে আলোচনায় রয়েছেন ইয়াশ রোহান। অন্যদিকে ‘মিশন এক্সট্রিম’ সিনেমাটি নিয়ে প্রশংসিত ঐশী। দেখার পালা ঈদে কেমন প্রভাব ফেলে এ জুটির প্রথম সিনেমা।
এ ঈদে বাদ পড়ছে না হরর ঘরানার সিনেমা। নাদের চৌধুরী পরিচালিত সিনেমা ‘জ্বীন’ দেখা যাবে আসন্ন ঈদে। এ সিনেমায় প্রথমবার বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে সজল ও পূজা চেরীকে। এতে একজন ফ্যাশন ফটোগ্রাফারের চরিত্রে অভিনয় করেছেন সজল। আর মোনালিসা চরিত্রে অভিনয় করেছেন পূজা। সিনেমাটির ট্রেলার ও গানের জন্য এরই মধ্যে আলোচিত। জ্বীন নিয়ে আশাবাদী সজল। হরর সিনেমাপ্রেমীদের আগ্রহ ও নতুনত্ব থাকায় সিনেমাটি নিয়ে ইতিবাচক এ অভিনেতা। এতে সজল-পূজা ছাড়াও আরো অভিনয় করেছেন জিয়াউল রোশান, মুন, সুজাতা, বেবি, রফিক, নবী, হীরা প্রমুখ।
এছাড়া ২০টি সিনেমা হলে আসতে যাচ্ছে বাপ্পীর ‘শত্রু’। সিনেমাটি পরিচালনা করেছেন সুমন ধর। এতে বাপ্পীর নায়িকা জাহারা মিতু। সিনেমায় বাপ্পীকে দেখা যাবে পুলিশ কর্মকর্তার চরিত্রে । বাপ্পী চৌধুরী বলেছেন, ‘ঈদে ঢাকাসহ সারা দেশে মুক্তি পাচ্ছে সিনেমাটি। শত্রু কথা বলবে দেশের, দশের, আদর্শের।’ জাহারা মিতু বলেন, ‘ঈদে সিনেমাটি মুক্তি পাচ্ছে নিশ্চিত। আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে। এরই মধ্যে হল বুকিংও শুরু হয়ে গেছে। আশা করছি ঈদে আনন্দের সঙ্গে উপভোগের মতো কিছু হতে যাচ্ছে এটি।’
ঈদ উপলক্ষে রাজনৈতিক থ্রিলার ঘরানার গল্প নিয়ে আসছেন আদর আজাদ ও শবনম বুবলী। সিনেমার নাম ‘লোকাল’। এরই মধ্যে প্রকাশ হয়েছে এর ট্রেলার। অনেক দর্শক সিনেমাটির ট্রেলার দেখে মনে করছেন এটা তামিল মেজাজে করা হয়েছে। নতুন কিছু নিয়ে আসতে যাচ্ছে এ সিনেমা এমনটাই ভাবছেন অনেকে। সব মিলিয়ে বলা যায় নয়টি সিনেমা নিয়ে এবার ঈদে সিনেমার বাজার জমজমাট। এর সঙ্গে তৈরি হয়েছে হল পাওয়া নিয়ে সংকট। হল সংকট কাটিয়ে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে সিনেমাগুলোর কোনটি শক্ত অবস্থান তৈরি করে দর্শকের মাঝে জায়গা করে নেয়, এটাই এখন দেখার পালা।










