‘দেলুপি’ দিয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিষেক হচ্ছে নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলামের। এর আগে তিনি দুটি ওয়েব সিরিজ—‘শাটিকাপ’ ও ‘সিনপাট’ নির্মাণের মাধ্যমে পরিচিতি পেয়েছিলেন। গতকাল সিনেমাটির টিজার প্রকাশ পায়। টিজারের মাত্র ২৭ সেকেন্ডের মধ্যে দর্শকরা মুখোমুখি হয়েছেন রহস্যময় কিছু মুহূর্তের সঙ্গে। গ্রামের শান্ত রাস্তা ধরে দ্রুত দৌড়াচ্ছেন পার্থ নামের এক তরুণ। হঠাৎ তার মুঠোফোন বেজে ওঠে। কল ধরেই পার্থ বলেন, ‘হ্যালো বাবা’। বাবার প্রশ্ন, ‘পার্থ, তুই কনে?’—এর উত্তরে পার্থ জানান, ‘আমি তো একটু বাইরে আছি।’ কিন্তু বাবা উত্তেজিত কণ্ঠে বলেন, ‘প্রধানমন্ত্রী পলাইছে, শুনিছিস?’ পার্থ হতবাক হয়ে জিজ্ঞেস করেন, ‘কী? প্রধানমন্ত্রী পলাইছে মানে?’

টিজারের শেষভাগে দেখা যায়, দেয়ালে টাঙানো একটি ফ্রেম থেকে বাঁধা একজনের ছবি নামানো হচ্ছে। আপাতত দর্শকরা সিনেমার পুরো গল্প সম্পর্কে অনুমান করতে পারছেন না; গল্পের আরো বিস্তারিত জানতে হলে ট্রেলার রিলিজের অপেক্ষা করতে হবে।

টিজার প্রকাশের পর দর্শকরা এরই মধ্যে প্রশংসা করেছেন সিনেমাটির। ইউটিউবে ইফতেখার হোসেন লিখেছেন, ‘ভালো কিছুর আশায় থাকলাম।’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘পুরাই মালয়লাম ছবির একটা ভাইব, টিজারের মাঝে একটা আকর্ষণ আছে। এটি পুরো ছবিতে ধরে রাখতে পারলে দারুণ হবে।’

27

নির্মাতা মোহাম্মদ তাওকীর জানান, ‘দেলুপি’ নামটি এসেছে খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়ন থেকে। সেই অঞ্চলের মানুষের জীবন, বাস্তবতা এবং সম্পর্কের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে এটি কাল্পনিক বাস্তবতায় রূপান্তর করা হয়েছে। তিনি বলেন, ‘গল্পটি শুধু ওই অঞ্চলের মানুষের জন্য নয়; এটি দেশের সর্বস্তরের মানুষের জীবনের সঙ্গেও মেলাতে পারবে। সিনেমার শুটিং, অভিনয়শিল্পী—সবই স্থানীয় এবং গল্পের মধ্যে লুকিয়ে আছে সিনেমার আসল শক্তি।’

তিনি আরো যোগ করেন, ‘আমি সবসময় বাস্তব মানুষের গল্প বলতে চেয়েছি। “দেলুপি” মূলত সেই চেষ্টারই একটি ধাপ। প্রতিটি চরিত্র, প্রতিটি ফ্রেম আসলে মানুষের জীবন ও তাদের অনুভূতির অংশ। আমার কাছে সত্যিকার অনুভূতি তুলে ধরা সব সময় বেশি গুরুত্বপূর্ণ।’

এছাড়া তাওকীর ‘অদ-ভূত’ নামের আরেকটি শিশুতোষ চলচ্চিত্রও নির্মাণ করছেন। ছবিটির প্রি-প্রডাকশনের কাজ চলছে এবং ২০২৩-২৪ অর্থবছরে এটি সরকারি অনুদান পেয়েছে।

তাওকীরের জন্ম ও বেড়ে ওঠা রাজশাহীতে। স্কুলে পড়াকালে ২০০৯ সালে প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কঙ্কপুরাণ’ নির্মাণ করেন। এরপর নির্মাণ করেন ‘গ্যাস বেলুন’, ‘লামা’, ‘দ্য ইফনিট’, ‘গোল ও যোগ’, ‘সিনেমার নাম খুঁজছি’, ‘আয়না’ ও ‘সর্বোচ্চ গতিসীমা’। তাওকীর দিল্লির এশিয়ান স্কুল অব মিডিয়া স্টাডিজ থেকে সিনেমা বিষয়ে উচ্চশিক্ষা লাভ করেছেন।