টুইটারের ব্লু টিক হারিয়েছেন অনেক বলিউড তারকা ও ভারতীয় রাজনীতিক। তারকাদের তালিকায় রয়েছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান ও আলিয়া ভাট। আর রাজনীতিকদের মধ্যে রয়েছেন রাহুল গান্ধী, যোগী আদিত্যনাথ ও প্রিয়াঙ্গা গান্ধী। তালিকায় ক্রীড়াবিদ বিরাট কোহলিরও নাম রয়েছে। খবর আনন্দবাজার ও নিউজ১৮।
টুইটারের পক্ষে জানানো হয়েছে, এখন থেকে ‘ব্লু টিক’ রাখার জন্য মাসে ৬৫৭ টাকা করে দিতে হবে ব্যবহারকারীদের। কোনো সংস্থা যদি টুইটারে তাদের নামের পাশে ‘ব্লু টিক’ রাখতে চায়, সে ক্ষেত্রে খরচ করতে হবে আরো বেশি, প্রায় ৮২ হাজার টাকা। প্রতিবেদনে জানানো হয়েছে, যারা এই টাকা দিয়েছিলেন, তাদের নামের পাশের ‘ব্লু টিক’ রয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২০ এপ্রিল) বলিউড তারকাদের মতোই টুইটারে ‘ব্লু টিক’ হারিয়েছেন ওপরা উইনফ্রে, জাস্টিন বিবার, কেটি পেরি ও কিম কার্দাশিয়ানের মতো তারকা। শুধু তাই নয়, এই টিক হারিয়েছেন বিল গেটস থেকে শুরু করে পোপ ফ্রান্সিসের মতো ব্যক্তিত্ব।
এখন থেকে টুইটারের ব্লু টিক ধরে রাখতে টাকা পরিশোধ করতে হবে। এছাড়া টাকা দিয়ে টুইটারে ফলোয়ারও বাড়ানো যাবে। টুইটারের মালিক ইলোন মাস্ক ইউটিউবের মতো টুইটারে নতুন আয়ের উপায় খুঁজছেন। কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য বিশেষ সাবস্ক্রিপশনের ব্যবস্থা চালু করার কথা ঘোষণা করেছেন তিনি।










