দেশের জনপ্রিয় অভিনেত্রীদের একজন নাসরিন আক্তার নিপুণ। দুবার বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করা এ অভিনেত্রী ২০০৬ সালে চলচ্চিত্র জগতে পা রাখেন। সম্প্রতি তিনি অভিনয় করেছেন সারওয়ার তমিজ উদ্দিন পরিচালিত ‘ভাষার জন্য মমতাজ’ সিনেমায়। এ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করছেন নিপুণ। এতে আরো রয়েছেন কাওসার চৌধুরী। যিনি একাধিক প্রামাণ্যচিত্র নির্মাণ করে প্রশংসা কুড়িয়েছেন। অভিনয় থেকে অনেকদিন দূরে ছিলেন। দীর্ঘ বিরতির পর আবার পর্দায় দেখা যাবে তাকে। সারওয়ার তমিজ উদ্দিনের অনুরোধেই আবার পর্দায় হাজির হলেন কাওসার চৌধুরী। এ নিয়ে তিনি বলেন, ‘পুরো সিনেমার মূল্যায়ন করা আসলে খুব কঠিন। নিপুণের সঙ্গে একটি দৃশ্যে আমি অভিনয় করেছি। আমি আসলে খু্ব বেশি সিনেমা দেখি না। তবে আয়নাবাজি, হাওয়া এ ধরনের সিনেমাগুলো আমার দেখা হয়েছে। নিপুণ ভীষণ ম্যাচিউর একজন অভিনেত্রী। ক্যামেরার সামনে অভিনয়ের সময় তার দৃষ্টি কোথায় থাকবে, কোন সংলাপ কীভাবে ডেলিভারি হবে, তা তিনি বেশ সচেতনভাবেই জেনে-বুঝে নিয়েছেন। তিনি সত্যি খুব ভালো অভিনয় করেছেন। এমনিতে নিপুণ বেশ স্মার্ট ও সজ্জন মানুষ।’ 

এ সিনেমার গল্প নারায়ণগঞ্জের একজন ভাষা সংগ্রামীর জীবনের সত্য কাহিনী অবলম্বনে রচিত। পরিচালক নিজেই এটি লিখেছেন। এরই মধ্যে বিএফডিসিতে সিনেমার দৃশ্য ধারণে অংশ নিয়েছেন নিপুণ ও কাওসার। এ সিনেমায় ১৯৫৩ সালের একজন মহকুমা প্রশাসকের (যিনি একই সঙ্গে মহকুমা ম্যাজিস্ট্রেট) ভূমিকায় অভিনয় করেছেন কাওসার চৌধুরী।

নিপুণের প্রথম অভিনীত সিনেমা ‘‌রত্নগর্ভা মা’। তবে এটি মুক্তি পায়নি। তার অভিনীত ‘‌পিতার আসন’ প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা।