জ্যাকুলিন ফার্নান্দেজের মন জিততে নানা কৌশল অবলম্বন করেছিলেন প্রতারণায় দায়ে অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর। জ্যাকুলিনকে তিনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অফিস থেকেই ফোন করেছেন এমনটাও বলেছিলেন। নতুন করে এসব তথ্য উঠে এসেছে সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি রুপি অর্থ পাচার মামলার চার্জশিটে।
সুকেশ ফোন করেছিলেন অভিনেত্রীর মেকআপ আর্টিস্ট শান মুথাথিলকে। তবে প্রথমে মুথাথিল সুকেশকে এড়িয়ে গেলেও পরে উচ্চ পর্যায়ের ব্যক্তি মনে করে তার সঙ্গে কথা বলতে থাকেন। চার্জশিটে বলা হয়েছে, এক পর্যায়ে জ্যাকুলিনের সঙ্গে ঘনিষ্ঠতা শুরু হয় সুকেশের। পরে বলিউড অভিনেত্রীর জন্য দামি সব উপহার পাঠাতে থাকেন তিনি। দামি উপহারের মধ্যে ছিল জিমে পরার জন্য ইতালীয় বিখ্যাত ব্র্যান্ড গুচির পোশাক, গুচির জুতা, বিখ্যাত সুইস ব্র্যান্ড রোলেক্সের ঘড়ি, ১৫ জোড়া কানের দুল, ফরাসি ব্র্যান্ড এহমেসের পাঁচটি বার্কিন ব্যাগ, চুড়ি ও লুই ভিতোঁর ব্যাগ।
এছাড়া জ্যাকুলিনকে একটি মিনি কুপার গাড়িও দিয়েছিলেন সুকেশ। তবে গাড়িটি সুকেশকে ফিরিয়ে দেয়ার দাবি করেছেন জ্যাকুলিন। চার্জশিটে আরো বলা হয়, যুক্তরাষ্ট্রে বসবাসকারী জ্যাকুলিনের বোন জেরাল্ডিন ফার্নান্দেজকেও একটি বিএমডব্লিউ গাড়ি উপহার দিয়েছিলেন সুকেশ। এমনকি জ্যাকুলিনের মাকেও দিয়েছিলেন ১ লাখ ৮০ হাজার ডলার ও একটি পোরশে গাড়ি।
তবে তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে (ইডি) দেয়া বয়ানে জ্যাকুলিন বলেছিলেন, সুকেশের কাছ থেকে ১ লাখ ৫০ হাজার ডলার ধার নিয়েছেন তার বোন। তখন এটাও স্বীকার করেন, সুকেশ অস্ট্রেলিয়ায় বসবাসকারী তার ভাইয়ের অ্যাকাউন্টে ১৫ লাখ রুপি পাঠিয়েছেন।
ইডিকে জ্যাকুলিন বলেন, ২০১৭ সালে সুকেশের সঙ্গে কথা বলা শুরু হয় তার। চলতি বছরের আগস্টে ২০০ কোটি টাকা প্রতারণার মামলায় সুকেশ ধরা পড়লে তার সঙ্গে আর কখনো দেখা হয়নি। জ্যাকুলিন বলেছেন, সুকেশ তাকে বলেছিলেন, তিনি সান টিভির মালিক এবং ভারতের কিংবদন্তি নেত্রী জয়ললিতার পরিবারের সন্তান।
গত সপ্তাহে এ চার্জশিট দাখিল করে ইডি এবং পরে আদালত তা আমলে নেয়। চার্জশিটে বলা হয়, সুকেশের এক সহকারী পিংকি ইরানি, যিনি সম্প্রতি গ্রেফতার হয়েছেন। এ পিংকি ইরানি নিজেকে জ্যাকুলিনের সহকারীদের কাছে অ্যাঞ্জেল নামে পরিচয় দিয়েছিলেন। এ পিংকিই সুকেশকে জ্যাকুলিনের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। তিনি সুকেশের কাছ থেকে বিলাসবহুল সব উপহার বেছে নিয়ে জ্যাকুলিনকে পৌঁছে দিতেন।
শিগগিরই আরো একটি চার্জশিট দাখিল করবে ইডি। এ চার্জশিটে ইরানি ছাড়াও মামলায় অভিযুক্ত আরো ব্যক্তির নাম জানাবে তারা।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া










