নতুন বছরের শুরুতেই নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়ে আলোচনায় এসেছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। সম্প্রতি সামাজিক মাধ্যমে তার নতুন ছবির খবর প্রকাশিত হয়েছে। রণবীরের ব্রহ্মাস্ত্র ও শমশের ছবির কাজ প্রায় শেষ দিকে। ঠিক তখনই এ অভিনেতা আরেকটি ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। ‘ব্রহ্মাস্ত্র’ অভিনেতা ‘অর্জুন রেড্ডি’ ও ‘কবির সিং’খ্যাত নির্মাতা সন্দ্বীপ রেড্ডি ভাঙ্গার নতুন ছবি অ্যানিমেলে প্রধান চরিত্রে অভিনয় করবেন বলে খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। সম্প্রতি নির্মাতা ও প্রযোজক (সন্দ্বীপ ও ভূষণ কুমার) একটি ভিডিও প্রকাশ করে ছবি নির্মাণের ঘোষণা দিয়েছেন।

ভিডিওটিতে রণবীরকে তার বাবার সঙ্গে কথা বলতে শোনা গেছে। রণবীরের কণ্ঠস্বর তার বাবার উদ্দেশে বলছেন (রিশি কাপুর) পরের জন্মে তিনি যেন তার পুত্র হিসেবে জন্মগ্রহণ করেন, যেন রণবীর দেখাতে পারেন যে তার বাবাকে তিনি কতটা ভালোবাসেন।

জানা গেছে, ‘অ্যানিমেল’ শিরোনামের ছবিতে একঝাঁক অভিনয়শিল্পী অভিনয় করবেন। রণবীবের সঙ্গে আরো দেখা যাবে অনিল কাপুর, ববি দেওল ও পরিণীতি চোপড়াকে। অনিল কাপুর ও ববি দেওলকে এর আগে একসঙ্গে ‘রেস থ্রি’ ছবিতে দেখা গিয়েছিল। প্রথমবারের মতো তাদের সঙ্গে পর্দা ভাগ করতে চলেছেন পরিণীতি চোপড়া। অনিল কাপুরও তার টুইটার অ্যাকাউন্টে অ্যানিমেল ছবির বিষয়টি শেয়ার করেছেন।


এর আগে সন্দ্বীপ রেড্ডির ‘অর্জুন রেড্ডি’ (তেলেগু মূল ছবিতে বিজয় দেভেরাকোন্ডা-শালীনি পান্ডে ছিলেন) এবং শহীদ কাপুর-কিয়ারা আদভানি অভিনীত ‘কবির সিং’ ছবির একটি থাপ্পড় দৃশ্যের জের ধরে নির্মাতার চলচ্চিত্র নির্মাণ ও কাহিনী বলার ধরন নিয়ে প্রশ্ন উঠেছিল। এক সাক্ষাত্কারে নির্মাতা সন্দ্বীপ সহিংসতার বিষয়টিকে ‘স্বাভাবিকীকরণ’-এর চেষ্টা করেছিলেন। তার এরূপ বিবৃতিতে বলিউডের খ্যাতনামা ব্যক্তিসহ বলিউড তারকারা বেশ প্রতিক্রিয়া জানিয়েছিলেন।

এদিকে রণবীরের ব্রহ্মাস্ত্র ও শমশের ছবির কাজ প্রায় শেষপথে। বর্তমানে এ অভিনেতা আলিয়া ভাটের সঙ্গে ছুটিতে আছেন। মা নীতু কাপুর তাদের সঙ্গে রাজস্থান ভ্রমণে যোগ দিয়েছিলেন। কাকতালীয়ভাবে সেখানে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংকে (রণবীর-আলিয়ার ঘনিষ্ঠ বন্ধু) দেখা যায়। এ বছর রণবীরের বেশকিছু ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে।

 

সূত্র: এনডিটিভি ও ডিএনএ