বেশ কয়েক বছর ধরে বাংলাদেশের ওটিটি প্লাটফর্মের দর্শক বেড়েছে। তরুণরা এখন বিনোদনের খোরাক নিতে চোখ রাখছে আধুনিক এই অনলাইন প্লাটফর্মে। দেশের গুণী অভিনয়শিল্পীদের নিখুঁত অভিনয় দক্ষতায় দিনদিন জনপ্রিতা বাড়ছে এ মাধ্যমের। এবার বাংলাদেশী কয়েকজন গুণী শিল্পীর উপস্থিতি দেখা যাবে ভারতের নতুন ওটিটি প্লাটফর্মে। 

গত ২৭ জুলাই থেকে কলকাতার ওটিটি প্লাটফর্ম ফ্রাইডে যাত্রা করে। এরই মধ্যে সাতটি সিরিজের শুট শেষ করেছে নতুন প্লাটফর্মটি। এর একটিতে কাজ করেছেন বাংলাদেশের আরিফিন শুভ। সিরিজটি পরিচালনা করেছেন কলকাতার পরিচালক অরিন্দম শীল। নাম ‘‌উনিশ এপ্রিল’। সিরিজটি নির্মিত হয়েছে ১৯৭৬ সালে কলকাতার ঘটে যাওয়া একটি ঘটনা অবলম্বনে। ওই বছরের ৪ মে রহস্যজনকভাবে মৃত্যু হয় সুরূপা গুহর। তার স্বামী ইন্দ্রনাথ গুহ (একটি স্কুলের তৎকালীন প্রিন্সিপাল), বাবা সতীকান্ত, প্রীতিলতাসহ আরো দুজনকে গ্রেফতার করা হয়। ইন্দ্রনাথের সঙ্গে অভিনেত্রী অপর্ণা সেনের ঘনিষ্ঠতা থাকায় তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। মামলার নিষ্পত্তি হয় অদ্ভুতভাবে। তথ্য-প্রমাণের বিচ্যুতি ঘটানোয় ইন্দ্রনাথের দুই বছরের জেল হয়। সিরিজে ইন্দ্রনাথ গুহর চরিত্রে দেখা যাবে আরিফিন শুভকে। 

এর আগে কলকাতার গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছিল, ওটিটি প্লাটফর্ম ফ্রাইডের জন্য ছয় পর্বের একটি সিরিজ নির্মাণ হবে। ‘‌আদর্শ হিন্দু হোটেল’ নামে সিরিজটিতে অভিনয় করবেন বাংলাদেশের মোশাররফ করিম। এটিও পরিচালনা করবেন অরিন্দম শীল। এছাড়া ফ্রাইডের জন্য তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে পিরিয়ড ড্রামা ‘‌গণদেবতা’ শিরোনামে ওয়েব সিরিজ নির্মাণ করার ঘোষণা এসেছিল কলকাতার গণমাধ্যমে। কমলেশ্বর মুখোপাধ্যায়ের নির্মাণে সেখানে দেবু পণ্ডিতের চরিত্রে অভিনয় করার কথা বাংলাদেশের গুণী অভিনেতা চঞ্চল চৌধুরীর।