ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের ম্যাগাজিন ‘সাইট অ্যান্ড সাউন্ড’। ৯০ বছর বয়সী এ ম্যাগাজিন সিনেমার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব বহন করে। এবার এটি তাদের হিসেবে সর্বকালের সেরা ১০০ ছবির নির্বাচিত তালিকা প্রকাশ করেছে। তালিকা দেখে সিনেমা সংশ্লিষ্ট অনেকেরই চোখ কপালে উঠেছে। কেননা এমন অনেক সিনেমাই এখানে এসেছে, যা সম্পর্কে সবাই জানে না বা এ ধরনের সিনেমা তালিকায় আসবে বলেও ভাবেনি কেউ। সাইট অ্যান্ড সাউন্ডের তালিকার প্রথম স্থানে আছে বেলজিয়ামের পরিচালক শ্যানটাল অ্যাকাম্যানের ১৯৭৫ সালের ছবি ‘জিন ডিয়েলম্যান, ২৩ কুয়াই ডু কমার্স, ১০৮০ ব্রুক্সেলস’। ম্যাগাজিনটির ইতিহাসে এই প্রথম কোনো নারী পরিচালকের ছবি প্রথম স্থান অধিকার করল।
তবে এ নিয়ে ভারত বা ভারতীয় উপমহাদেশের মানুষের খুশি হওয়ার কিছু নেই। কেননা এ তালিকায় ভারতীয় কোনো সিনেমা নেই সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’ ছাড়া। ভারতীয় সিনেমা হিসেবে সাইট অ্যান্ড সাউন্ডের ১০০ সিনেমার তালিকায় একমাত্র এ ছবির নামই ছিল। সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস নিয়ে নির্মিত ‘পথের পাঁচালী’ সিনেমাটি সত্যজিৎ রায়ের ‘অপুর ট্রিলজি’র প্রথম ভাগ। এটি ১৯৫৫ সালে মুক্তি পেয়েছিল। দেশে-বিদেশে বহুল আলোচিত ও প্রশংসিত এ সিনেমা তালিকায় খুব বেশি ভালো জায়গা পায়নি। তালিকার ৩৫ নম্বরে ছিল এর স্থান। সত্যজিৎ রায়ের পথের পাঁচালী সম্পর্কে ম্যাগাজিনটি লিখেছে, ‘বলিউডের বাণিজ্যিক সিনেমার বিপরীতে পথের পাঁচালী মানবিক, কলকাতা-কেন্দ্রিক সিনেমার শৈল্পিক সূচনার আভাস দিয়েছিল। সিনেমায় অপু ও তার বোন দুর্গা ট্রেন দেখার জন্য ধানখেতের মধ্যে দৌড়ে যাওয়ার দৃশ্যটি অন্যতম সেরা একটি দৃশ্য।’
একটি ম্যাগাজিন নিজের ইচ্ছেমতো কোনো তালিকা করলেই তা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে না। কিন্তু ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের ম্যাগাজিনটি গুরুত্বপূর্ণ। এ কারণে তাদের প্রকাশিত তালিকাও গুরুত্ব বহন করে। সাইট অ্যান্ড সাউন্ডের এ তালিকায় রয়েছে দীর্ঘ ইতিহাস। তারা ৭০ বছর ধরে তালিকা প্রকাশ করে আসছে। ১৯৫২ সাল থেকে এখন পর্যন্ত প্রতি ১০ বছরে একবার করে ব্রিটিশ পত্রিকা সাইট অ্যান্ড সাউন্ড সর্বকালের সেরা ১০০টি ছবির তালিকা প্রকাশ করে। তারা নির্দিষ্ট নিয়মের অধীনে ভোট গ্রহণ করে সিনেমা নির্বাচন করে। এবারের তালিকায় ১৬৩৯ জনের ভোট নেয়া হয়েছে। বিভিন্ন পেশার এ ভোটাররা তাদের পছন্দের সেরা ১০টি ছবির নাম লিখে ভোট দিয়েছেন। তার ভিত্তিতেই তৈরি হয়েছে এ তালিকা।
তালিকার প্রথম ১০-এ ‘জিন ডিয়েলম্যান, ২৩ কুয়াই ডু কমার্স, ১০৮০ ব্রুক্সেলস’ ছাড়াও আছে ‘ভার্টিগো’, ‘সিটিজেন কেন’, ‘টোকিও স্টোরি’, ‘ইন দ্য মুড ফর লাভ’, ‘২০০১: এ স্পেস ওডিসি’, ‘ব্যু ট্রাভেল’, ‘মুলহল্যান্ড ড্রাইভ’, ‘ম্যান উইথ আ মুভি ক্যামেরা’ ও ‘সিংগিং ইন দ্য রেইন’। ১৯৫২ সালে প্রথমবারের মতো তালিকা করা হলে সে তালিকায় শীর্ষস্থানে ছিল ভিত্তোরিও ডি সিকার বাইসাইকেল।
এবারের তালিকায় বেশকিছু নতুন ছবি জায়গা করে নিয়েছে, যার মধ্যে ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত দুটি ছবি ‘লেডি অন ফায়ার’ ও ‘প্যারাসাইট’ আছে। আরো আছে ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘মুনলাইট’।
সূত্র: হিন্দুস্তান টাইমস










