ভারতের বিনোদন জগতের সাংবাদিক ছিলেন রাজিব মাসান্দ। ক্যারিয়ারে বহু তারকার সাক্ষাৎকার নিয়েছেন তিনি। কিন্তু শ্রীদেবীর সাক্ষাৎকার নেয়া তার জীবনের অন্যতম স্মরণীয় ঘটনা। সময়টা ছিল ১৯৯৬ সাল, শ্রীদেবী তখন ‘জুদাই’ সিনেমার সেটে ছিলেন। নিজের অভিজ্ঞতা থেকে রাজিব জানান, কথা বলতে শ্রীদেবী তেমন পছন্দ করতেন না। সাংবাদিক পরিবেষ্টিত অবস্থায় তিনি কখনই স্বাচ্ছন্দ্য বোধ করতেন না।
সম্প্রতি ‘ব্যাক টু দ্য স্টার্ট’ নামে একটি পডকাস্টে রাজিব এসব স্মৃতিচারণ করেন। তিনি জানান, শ্রীদেবীর সঙ্গে তার দেখা হয়েছিল হায়দরাবাদে। তখন অনেক সাংবাদিক নিয়ে জুদাই সিনেমার সেটে গিয়েছিলেন। রাজিবের কথা অনুসারে, এত সাংবাদিক দেখে শ্রীদেবী ভয় পেয়েছিলেন। তিনি তখন একটি বই পড়ার ভান করছিলেন। তাই সাংবাদিকদের সঙ্গে তাকে বেশি কথা বলতে হয়নি। রাজিব বলেন, ‘জুদাই সিনেমার সেটে শ্রীদেবীর সঙ্গে সাক্ষাতের বিষয়টি আমার পরিষ্কার মনে আছে। তখন আমরা সিনেমার সেটগুলো পরিদর্শনে যেতাম। সে সময় জুদাই সিনেমার সেট ছিল হায়দরাবাদের বানজারা হিলসে।’
বিনোদন সাংবাদিকতার তখন নিয়ম ছিল যে তারকা অভিনেতা এক জায়গায় বসবেন এবং একের পর এক সাংবাদিক ডেকে কথা বলবেন। কিন্তু শ্রীদেবী ছিলেন এর ব্যতিক্রম। রাজিব বলেন, ‘আমার মনে আছে, তিনি মুখে হাসি ধরে রেখেছিলেন। তিনি একটি বই পড়ছিলেন। বলা ভালো পড়ার ভান করছিলেন। কারণ তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে ইচ্ছুক ছিলেন না।’ রাজিব জানান, শ্রীদেবীর এমন আচরণ কোনো ঔদ্ধত্য বা অসম্মানের জায়গা থেকে ছিল না। মূলত বিষয়টি তিনি পছন্দ করতেন না। তিনি কথা বলতে স্বচ্ছন্দ ছিলেন না। এ কারণে সাংবাদিকদের এড়ানোর জন্য শ্রীদেবী বইয়ের পাতায় চোখ রেখেছিলেন। রাজিব বলেন, ‘তিনি আসলেই লাজুক ছিলেন।’ বিনোদন সাংবাদিকতার ক্যারিয়ারে রাজিব মাসান্দ দেখেছেন, অভিনেতারা সিনেমার সেটে প্রায় সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতেন। তখন এত আয়োজন করে কিছু হতো না। সে সময় অভিনেতারা তাদের শটের মাঝখানে সাংবাদিকদের সাক্ষাৎকার দিতেন। সাংবাদিকরা সহজেই তাদের সঙ্গে কথা বলার সুযোগ পেতেন। কিন্তু পুরো অভিনয় ক্যারিয়ারে শ্রীদেবী কখনই সাংবাদিকদের সঙ্গে কথা বলতে আগ্রহী ছিলেন না। তিনি বলেন, ‘শ্রীদেবী সামাজিক ছিলেন না। তাকে বই পড়ার ভান করতে দেখাটা খুবই চমৎকার ছিল। এর মানে হলো ভদ্রভাবে জানানো যে তিনি কথা বলতে চান না।’
শেষ পর্যন্ত শ্রীদেবীর সঙ্গে কথা বলতে পেরেছিলেন রাজিব মাসান্দ। তবে কথা তাকেই বেশি বলতে হয়েছিল। সে ঘটনার এক বছর পর আরেকবার শ্রীদেবীর সাক্ষাৎকার নেয়ার সুযোগ পেয়েছিলেন তিনি। রাজিব জানান, তখনো বিষয়টি একই রকম ছিল, কথা বলতে শ্রীদেবী একই রকম অনীহা দেখিয়েছিলেন।
সূত্র ও ছবি: দি ইন্ডিয়ান এক্সপ্রেস










