জনপ্রিয় নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ’র পরিচালনায় ঈদ নাটক ‘তুমি আমার সব’ -এ প্রথম একসঙ্গে জুটি বেধেছেন উপস্থাপিকা ও অভিনেত্রী শ্রাবণ্য তৌহিদা এবং অভিনেতা আরোশ খান। ঈদের ৭ম দিন অর্থাৎ শুক্রবার (২৮ এপ্রিল) বিকেল চারটায় আরটিভিতে নাটকটি প্রচার করা হবে।

নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ বলেন, নাটকের গল্পটি মূলত দুই কাজিনের। মেয়েটি ছেলেটির প্রতি জমিয়ে রাখা দীর্ঘদিনের অব্যক্ত আবেগ ও ভালোবাসার কথা প্রকাশের জন্য তার কাঙ্ক্ষিত সময়ের জন্য অপেক্ষা করছিল। ছেলেটি তাৎক্ষণিক প্রত্যাখ্যান করলেও ধীরে ধীরে আশৈশব একসঙ্গে বেড়ে উঠা পাশের মানুষটির মধ্যেই অন্য এক মানুষকে খুঁজে পায়। কিন্তু পরিণয়ের পথেও নিজের মুখোমুখি দাঁড়াতে বাধ্য হয় ছেলেটা।

প্রগতি এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরোশ খান ও শ্রাবণ্য তৌহিদা। এছাড়া আরো অভিনয় করেছেন রাশেদ এমরান, বিথী রানী সরকার, শারমিন সুলতানা শর্মী, শশী আফরোজা, সাখাওয়াত রিপন, কে এম শরীফ ইমতিয়াজ।

নাটকটিতে গান গেয়েছেন মাহতিম সাকিব এবং সংগীত পরিচালনা করেছেন শোভন রায়।