নাটক দিয়ে অভিনয় জীবন শুরু করেন আশনা হাবিব ভাবনা। ২০১৭ সালে ‘‌ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক এ অভিনেত্রীর। ভাবনার বাবা হাবিবুল ইসলাম মঞ্চ অভিনেতা ও গল্প লেখক। টেলিভিশন নাটক ও সিনেমাও পরিচালনা করেছেন তিনি। বাবা পরিচালনার সঙ্গে সম্পৃক্ত থাকায় অভিনয়ের দুনিয়ার সঙ্গে ছোট থেকেই পরিচিত ছিলেন ভাবনা। এবার বাবার পরিচালনায় সিনেমায় অভিনয় করবেন তিনি। সেলিনা হোসেনের উপন্যাস ‘যাপিত জীবন’ অবলম্বনে ভাবনার বাবা হাবিবুল ইসলাম হাবিব নির্মাণ করতে যাচ্ছেন ‘যাপিত জীবন’ সিনেমাটি। এতে গল্পের কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি। তার চরিত্রের নাম আনজুম।

এ নিয়ে ভাবনা বলেন, ‘আমি সবসময় সচেতনভাবেই চেয়েছি আব্বুর নির্দেশনায় আমার কাজ না হোক। কিন্তু শেষমেশ শ্রদ্ধেয় সেলিনা হোসেন, আব্বুর সিনেমার অন্য অভিনয়-শিল্পীদের আগ্রহে এ সিনেমায় অভিনয় করতে যাচ্ছি। সত্যি বলতে কী আব্বুকে নিয়ে অনুভূতি প্রকাশ করা আমার জন্য খুব কঠিন। তার পরও বলব, যেহেতু আব্বু পরিচালনায় ছিলেন, সে কারণে অভিনেত্রী হতে গিয়ে আমার অন্য অনেকের মতো স্ট্রাগল ফেস করতে হয়নি। আর আমি যখন অভিনয়ে পুরোদস্তুর ব্যস্ত হয়ে উঠেছি, তখন আব্বু খুব কম কাজ করতেন। যে কারণে আব্বুর নির্দেশনায় কাজ করা হয়ে ওঠেনি। শেষ পর্যন্ত যাপিত জীবনে কাজ করছি। আশা করা যাচ্ছে, সব মিলিয়ে ভালো কিছু হতে যাচ্ছে।’ এ সিনেমার নির্বাহী প্রযোজক অনিমেষ আইচ। 

এর আগে ভাবনা অনিমেষ আইচ পরিচালিত ‘‌ভয়ঙ্কর সুন্দর’ সিনেমায় নয়ন তারা এবং নুরুল আলম আতিকের ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমায় পদ্ম চরিত্রে অভিনয় করেছেন। মুক্তির অপেক্ষায় রয়েছে ভাবনা অভিনীত ও শুদ্ধমান চৈতন্য পরিচালিত সিনেমা ‘দামপাড়া’। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় চলচ্চিত্র নায়ক ফেরদৌস আহমেদ। তার স্ত্রী মাহমুদা হক চরিত্রে দামপাড়ায় দেখা যাবে আশনা হাবিব ভাবনাকে। এ অভিনেত্রী অভিনয় জীবন শুরু করেছিলেন ‘‌নট আউট’ নাটক দিয়ে। এরপর একাধিক নাটকে অভিনয় করেছেন। অভিনয়ের বাইরেও তিনি একজন পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী।