জুনিয়র এনটিআরের নতুন সিনেমা দেবারা। বলা হচ্ছিল, আগামী ৫ এপ্রিল মুক্তি পাবে সিনেমাটি। তবে সম্প্রতি খবর এসেছে তা আর হচ্ছে না। পিঙ্কভিলার একটি সূত্র জানিয়েছে, দেবারার মুক্তি পিছিয়ে যাচ্ছে। কারণ সিনেমার ভিজুয়াল ইফেক্ট নিয়ে আরো কাজ করতে চায় এর নির্মাতারা। কোরাতলা শিবা এখন পর্যন্ত যে অগ্রগতি হয়েছে তা নিয়ে খুশি নন।

তবে সিনেমাটি কবে নাগাদ মুক্তি পেতে পারে এ নিয়ে এখনো কোনো তথ্য জানা যায়নি। নির্মাতাদের পক্ষ থেকেও কিছু বলা হয়নি।

বড় বাজেটে নির্মিত হচ্ছে দেবারা। সিনেমায় ভারী ভিএফএক্সের কাজ থাকবে। এ কারণেই ভিজুয়াল ইফেক্টের ক্ষেত্রে কোনো ছাড় দিতে নারাজ পরিচালক। এছাড়া ভারতে এখন ভিএফএক্স নিয়ে দর্শক সরব ও উচ্চাশা রাখে। ‘আরআরআর’ সিনেমার সাফল্যের পর জুনিয়র এনটিআরের প্রতিও দর্শকের প্রত্যাশা বেড়ে যাওয়ায় নিজের কাজ নিয়ে খুব সতর্ক অভিনেতা নিজে।

এদিকে মুক্তির আগেই সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে। সেই সঙ্গে বিপণনকারীরাও সিনেমা নিয়ে যথেষ্ট ইতিবাচক। ফলে এরই মধ্যে ভারতের একটি রাজ্যের থিয়েট্রিক্যাল রাইটস কিনতে মোটা অংকের অর্থ দিতে চাচ্ছে বিভিন্ন পরিবেশক প্রতিষ্ঠান।

কোরাতলা শিবা পরিচালিত দেবারায় জুনিয়র এনটিআরের বিপরীতে অভিনয় করছেন জাহ্নবী কাপুর। এটি দক্ষিণ ভারতে তার প্রথম সিনেমা। এছাড়া সিনেমায় আছেন সাইফ আলী খান ও প্রকাশ রাজ। হিন্দি ছাড়াও তামিল, তেলেগু, কন্নড় ও মালায়ালাম ভাষায় মুক্তি পাবে দেবারা।

সূত্র: পিংকভিলা