দূরদর্শী ব্যক্তিরা আগেই ভবিষ্যৎ দেখতে পান। তেমনই দেখেছিলেন আইজ্যাক আসিমভ। তার আই রোবটের কথা সবার জানা। সিনেমাজগতের বহু পরিচালকও দূরদৃষ্টি সম্পন্ন। এর মধ্যে প্রথম দিকেই রাখা যায় জেমস ক্যামেরনকে। অ্যাভাটার, টাইটানিকের এ পরিচালক ১৯৮৪ সালে নির্মাণ করেছিলেন ‘দ্য টার্মিনেটর’। সম্প্রতি টার্মিনেটরের অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগার জানালেন যে এআইয়ের উত্থান নিয়ে আজ যে এত আলোচনা, তার অনেকটাই আগে ধারণা করে প্রকাশ করেছিল টার্মিনেটর।
পিপল ম্যাগাজিনের সঙ্গে এক কথোপকথনে শোয়ার্জনেগার বলেন, ‘আজকে সবাই ভীত হয়ে ভাবছে এআই কতদূর যাবে। আমরা কিন্তু ১৯৮৪ সালেই এ সিনেমার মাধ্যমে বিষয়টিতে মনোযোগ দিয়েছিলাম।’ গল্পটির প্রশংসা করে তিনি বলেন, ‘টার্মিনেটর কেবল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মোটা বিষয়টা না দেখিয়ে আরো বিস্তারে এর সম্ভাব্যতা নিয়ে কথা বলেছিল। আর তার প্রায় চার দশক পর বিষয়টি কল্পনায় সীমাবদ্ধ নেই। এ নিয়ে আমাদের নতুন করে মাথা ঘামাতে হচ্ছে। জিম একটি অসাধারণ গল্প তৈরি করেছিল।’
টার্মিনেটর নিয়ে এরপর আরো কাজ হয়েছিল। কিন্তু সবগুলো ক্যামেরন করেননি। প্রথম দুটি সিনেমার পরিচালক তিনি। এখন পর্যন্ত শেষ সিনেমা ‘টার্মিনেটর: ডার্ক ফেট’ মুক্তি পেয়েছে ২০১৯ সালে। প্যারামাউন্ট পিকচার্সের ব্যানারে সিনেমাটি পরিচালনা করেছেন টিম মিলার। এতেও অভিনয় করেছিলেন আর্নল্ড শোয়ার্জনেগার। এ থেকে অনেকের মনে প্রশ্ন আসে শোয়ার্জনেগারকে আবারো টার্মিনেটরে একজন সাইবর্গ কিলারের চরিত্রে দেখা যাবে কিনা। এর উত্তরে শোয়ার্জনেগার বলেন, ‘ফ্র্যাঞ্চাইজির যাত্রা শেষ হয়নি, কিন্তু আমার যাত্রা শেষ। কেননা আমি মনে করি, দর্শক এখন নতুন কিছু চায়। টার্মিনেটরের থিমে তা আর নেই।’
সূত্র: পিপল










