নতুন পরিকল্পনা হাতে নিচ্ছে ডিজনি প্লাস। এর আগে তারা কোরিয়ান কনটেন্টের দিকে মন দিয়েছিল। এবার স্ট্রিমিং প্লাটফর্মটি ঠিক করেছে এ বছরের দ্বিতীয়ার্ধে এশীয় কনটেন্টে জোর দেবে। সে পরিকল্পনা অনুসারে ২০টির বেশি এশীয় কনটেন্ট মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এশিয়া প্যাসিফিক অঞ্চলে তারা নিজেদের কনটেন্ট আরো বেশি প্রচারের চেষ্টা করছে। সে সূত্রেই এতগুলো কনটেন্ট নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। লাইনআপে থাকা কনটেন্টগুলোর মধ্যে আছে অরিজিনাল সিরিজ ও সিনেমা।

ডিজনি প্লাস ঠিক করেছে এ বছরের দ্বিতীয়ার্ধ অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বরের শেষ পর্যন্ত তারা এ কনটেন্টগুলো মুক্তি দেবে। এর মধ্যে থাকছে কোরিয়ান ও জাপানি সিনেমা ও সিরিজ। এখন পর্যন্ত প্লাটফর্মটি যে হাইলাইটস দিয়েছে তার মধ্যে দেখা যাচ্ছে কোরিয়ান পপ গ্রুপ বিটিএসকে নিয়ে একটি তথ্যচিত্রও আছে। এছাড়া আছে বেশ কয়েকটি কোরিয়ান থ্রিলার। এছাড়া থাকছে জাপানি এনিমে ‘‌টোকিয়ো রিভেঞ্জার্স: তেজিকু আর্ক’।

স্ট্রিমিং প্লাটফর্মগুলো সাধারণত বৈশ্বিক ধারার কনটেন্ট নিয়ে কাজ করতে চায়। কিন্তু এর মধ্যেই ডিজনি চেষ্টা করে আঞ্চলিক কনটেন্ট নিয়ে কাজ করতে। এর মধ্যে তারা এশিয়া প্যাসিফিককে আলাদা করে বেছে নিয়েছে। তবে বেশি গুরুত্ব দিয়েছে কোরিয়ান ও জাপানি কনটেন্টে। কেননা এ দুটো সিনেমার বাজার ভালো। ফেব্রুয়ারিতে প্লাটফর্মটি স্ট্রিম করেছে ‘‌বিগ বেট’ যেখানে বিখ্যাত ওল্ড বয় সিনেমার চোই মিনসিক অভিনয় করেছেন। এছাড়া কোরিয়ান ড্রামা ডক্টর রোমান্টিক স্ট্রিমিং প্লাটফর্মটিতে জনপ্রিয় হয়।

নতুন আসতে যাওয়া কনটেন্টগুলোর মধ্যে দর্শকের নজর থাকবে বিটিএসকে নিয়ে নির্মিত তথ্যচিত্রটির ওপর। ডিজনির সঙ্গে কোলাবোরেশনের মাধ্যমে আগেও কাজ করেছিল বিটিএস। এবার তাদের নিয়ে তৈরি ‘‌বিটিএস মনুমেন্টস: বিয়ন্ড দ্য স্টার’ নতুন একটি মাত্রা তৈরি করবে বলে ডিজনি মনে করে। এছাড়া জাপানের সঙ্গে দীর্ঘমেয়াদে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে স্ট্রিমিং প্লাটফর্মটি।

সূত্র ও ছবি: দ্য হলিউড রিপোর্টার