কভিডে কাঁপছে বলিউড তথা পুরো ভারতের জনগণ। আক্রান্ত ও মৃত্যুর হার বেড়ে যাওয়ায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। সেই সঙ্গে চলছে জনতা কারফিউর স্মৃতি। এর প্রভাব পড়েছে বলিউডেও। যার জন্য পর্দায় এখনই দেখা মিলছে না পাঠান, আদিপুরুষ কিংবা টাইগারের। আক্রান্তের ভয়ে এরই মধ্যে বন্ধ হয়ে গেছে শাহরুখের পাঠান, সালমানের টাইগার ৩ এবং প্রভাসের আদিপুরুষ সিনেমার শুটিং। ফের থমকে গেছে বি-টাউন।

গত ১৩ ও ১৪ এপ্রিল পাঠান সিনেমার শুটিং বন্ধ করা হয়েছিল। সূত্র মারফত জানা গিয়েছিল, কারণ সেই শুটিং ইউনিটের করোনা পজিটিভ হওয়ার পরেই ওই সিদ্ধান্ত নেয়া হয়। যদিও শুটিং টিমের পক্ষ থেকে এ নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি।

এদিকে ক্যাটরিনা কাইফ কভিড আক্রান্ত হওয়ার পর থেকেই ‘টাইগার ৩’ সিনেমার শুটিং করার ক্ষেত্রেও বিড়ম্বনা সৃষ্টি হয়েছিল। যদিও আদিপুরুষ সিনেমার শুটিং দ্রুতগতিতেই চলছিল বলে জানা যায়। কিন্তু পরিশেষে আর হয়নি। তবে শুধু এ তিন সিনেমা নয়। বলিউডের ছোট, বড়, মাঝারি সব প্রজেক্টেই ফের হানা দিয়েছে করোনা। বছরব্যাপী লকডাউনের পর এমনিতেই প্রচুর ছবির শুটিং আটকে ছিল। সিনেমা হল বন্ধ থাকার কারণেও ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল প্রযোজকদের। যে কারণে ওটিটি কিংবা লকডাউন ফিল্মসের ওপর জোর দেয়া হচ্ছিল।

তবে এ মুহূর্তে ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের হার। পরপর করোনায় আক্রান্ত হয়েছেন অক্ষয় কুমার, আমির খান, ভিকি কৌশল, ভূমি পেদনেকার, রণবীর কাপুর, আলিয়া ভাট, গোবিন্দসহ এক ঝাঁক বলিউড অভিনেতা। আসলে লকডাউন তুলে নেয়ার পর পরই ধীরে ধীরে সিনেমার শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন বলিউড স্টাররা। দেখা গিয়েছে যেসব অভিনেতা-অভিনেত্রীদের সিনেমার শুটিং শুরু হয়েছে, তাদের মধ্যেই করোনা আক্রান্ত হওয়ার প্রবণতা দেখা গিয়েছে। এ যেমন ব্রহ্মাস্ত্র ছবির শুটিং করছিলেন রণবীর কাপুর।

অন্যদিকে, ‘গঙ্গুবাঈ কাঠিয়াবাড়ি’র শুটিংয়ে ব্যস্ত ছিলেন আলিয়া ভাট। রামসেতুর শুটিং সদ্য শুরু করেছিলেন অক্ষয়। রামসেতু ছবির নায়ক অক্ষয়সহ শুটিং ইউনিটে প্রায় ৪৫ জনের শরীরে করোনা ধরা পড়ে। তা জানতে পেরেই অভিনেত্রী জ্যাকুলিন ও নুসরত কোয়ারেন্টিনে নিয়ে চলে গিয়েছিলেন।