কিংবদন্তি জ্যামাইকান সংগীতশিল্পী বব মার্লেকে নিয়ে নির্মিত সিনেমা ‘বব মার্লে: ওয়ান লাভ’। সিনেমাটি ভালোবাসা দিবসে মুক্তি পেয়েছে। মুক্তির দিনই বক্স অফিসে নতুন রেকর্ডও করেছে। ভালোবাসা দিবসে মুক্তি পাওয়া অন্য যেকোনো সিনেমার চেয়ে বেশি আয় করেছে ওয়ান লাভ। মার্লের এ বায়োপিক বুধবার প্রেক্ষাগৃহে আসে এবং সেদিনই সিনেমাটি যুক্তরাষ্ট্রের বাজারে ১ কোটি ৪০ লাখ ডলার আয় করে। এছাড়া ১০টি বৈদেশিক বাজার থেকে ৫০ লাখ ডলার নিয়ে এর প্রথম দিনের মোট বৈশ্বিক আয় ১ কোটি ৯০ লাখ ডলার। বব মার্লের জীবনের ওপর ভিত্তি করে তৈরি এ সিনেমা সনির ‘ম্যাডাম ওয়েব’কে ছাড়িয়ে গেছে। 

৭ কোটি ডলার বাজেটের এ সিনেমা নির্মাণ করেছেন রেনাল্ডো মার্কাস গ্রিন। এতে ববের চরিত্রে অভিনয় করেছেন কিংসলে বেন আদির। চলচ্চিত্রটি প্রযোজনা করছেন বব মার্লের স্ত্রী রিটা মার্লে, সন্তান জিগি ও সেডেলা মার্লে। নির্বাহী প্রযোজনায় আছেন ব্র্যাড পিট। 

সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে সিনেমাটি। বর্তমানে রোটেন টমেটোজে ৪৪ শতাংশ রেটিং পেয়েছে এটি। কোলাইডারের নেট রিচার্ড বেন আদিরের অভিনয়ের প্রশংসা করেছেন, কিন্তু সিনেমাটিকে ‘‌নিরস ও অনুপ্রেরণাদায়ক নয়’ হিসেবেও উল্লেখ করেছেন। তবে সিনেমাটি নিয়ে দর্শকের উৎসাহ রয়েছে। সিনেমাটি মুক্তির প্রথম দিনই সিনেমাস্কোর থেকে ‘‌এ’ রেটিং ও আরটি থেকে ৮৪ শতাংশ দর্শক স্কোর অর্জন করেছে।

বুধবার ভ্যালেন্টাইনস ডে থেকে সোমবার প্রেসিডেন্ট দিবস পর্যন্ত যুক্তরাষ্ট্রে সিনেমাটির আয় কত হবে, তা এখন দেখার বিষয়। তবে ধারণা করা হচ্ছে, এটি ছয়দিনে ৩ কোটি ২০ লাখ ডলার আয়ের পূর্বাভাসকে ছাড়িয়ে যাবে। অন্যদিকে ম্যাডাম ওয়েব একই সময় প্রায় ২ কোটি ৬০ লাখ ডলার আয় করবে বলে অনুমান করা হয়েছিল। কিন্তু বুধবার মাত্র ৬০ লাখ ডলার আয় করতে পেরেছে। ম্যাডাম ওয়েবের আয় সনি ও মার্ভেল ইউনিভার্সের জন্য আশঙ্কার খবর। ম্যাডাম ওয়েবকে নিয়ে অনলাইনেও কয়েক সপ্তাহ ধরে নেতিবাচক রিভিউ দেখা যাচ্ছে। 

সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছে ডাকোটা জনসন। রটেন টমেটোজে সিনেমাটি মাত্র ১৪ শতাংশ রেটিং অর্জন করেছে। দর্শকেরও তেমন পছন্দ হয়নি এ সিনেমা। এটিকে ‘সি প্লাস’ সিনেমাস্কোর দেয়া হয়েছে। একই ধরনের ঘটনা ঘটেছিল মার্ভেল ইউনিভার্সের আরেকটি ফ্যাঞ্চাইজি ‘‌মরবিয়াস’-এর ক্ষেত্রেও। সিনেমাটি মুক্তির তিনদিনে ৩ কোটি ৯০ লাখ ডলার আয় করে। যুক্তরাষ্ট্রে মোট ৭ কোটি ডলার আয় করে। এছাড়া সনির অন্যান্য স্পাইডার ম্যান স্পিনঅফ যেমন ‘‌ভেনম অ্যান্ড ভেনম’, ‘‌লেট দেয়ার বি কার্নেজ’ বক্স অফিসে তেমন সাফল্য অর্জন করতে পারেনি। সেদিক থেকে বলা যায় ‘‌বব মার্লে: ওয়ান লাভ’ শক্ত প্রতিদ্বন্দ্বী পায়নি এবং সামনেও ভালো আয় করবে।

সূত্র: কোলয়ডার