বছরজুড়ে আলোচনায় ছিল শাকিব খান অভিনীত বরবাদ। ঈদ যখন দুয়ারে কড়া নাড়ছে ঠিক তখনই বরবাদ মুক্তি নিয়ে দেখা দেয় শঙ্কা। তবে সব শঙ্কার অবসান ঘটিয়ে এবারের ঈদে মু্ক্তিতে বাধা নেই বরবাদের। সংশোধিত ভার্সনে মুক্তির অনুমতি পেয়েছে সিনেমাটি। মঙ্গলবার বিকালে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সনদ দেয়া হয়েছে সিনেমাটিকে।

বরবাদ নির্মাতা মেহেদী হাসান গণমাধ্যমকে জানান, সোমবার ‘বরবাদ’ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা দেন। এদিন সিনেমাটি দেখে বোর্ড সদস্যরা কিছু পর্যবেক্ষণ দেন। আমরা এ সিনেমার সংশোধিত ভার্সন জমা দিলে পুনরায় বোর্ড সদস্যরা সিনেমাটিকে দেখে বিনা কর্তনে ছাড়পত্র দিয়েছেন।

এর আগে সিনেমাটির বেশকিছু দৃশ্য ও সংলাপে বোর্ডের ‘আপত্তি’র খবরে প্রতিবাদ জানান শাকিব খানের ভক্তরা। ভার্চুয়াল মাধ্যমের পাশাপাশি মঙ্গলবার সকাল থেকে তারা দাবি তোলেন বরবাদ আনকাট মুক্তির। এদিন সকালে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সামনে মানববন্ধনও করেন শাকিব খানের ভক্তরা।

এক দফা এক দাবি জানিয়ে তারা জানান, যেকোনো মূল্যে কাটছাঁট ছাড়া ঈদে বড় পর্দায় বরবাদ দেখতে চান। জোর দাবি তুলে স্লোগানও দেন। শাকিব ভক্তদের মতো আনকাট বরবাদ দেখতে ফেসবুকে সরব ভূমিকা পালন করেন শোবিজ তারকারাও।

24

শুধু তাই নয়, বরবাদ ছাড়াও যে চারটি সিনেমা আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে, সে সিনেমাসংশ্লিষ্টরাও আনকাট বরবাদ দেখতে ফেসবুকে নিজেদের অভিমত জানান!

শাহরিন আক্তার সুমির প্রযোজনায় বরবাদে শাকিব ছাড়াও অভিনয় করেছেন ইধিকা পাল, যীশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু প্রমুখ।

একই সময়ে ছাড়পত্র পেল আরো একটি সিনেমা। মুক্তির অনুমতি পেল ‘আম কাঁঠালের ছুটি’ খ্যাত পরিচালক মোহাম্মদ নূরুজ্জামানের ‘মাস্তুল’। ২৫ মার্চ বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ‘মাস্তুল’-এর ছাড়পত্র গ্রহণ করেন নূরুজ্জামান। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন নির্মাতা।

তেলবাহী জাহাজের কর্মচারীদের গল্প নিয়ে নির্মিত সিনেমা মাস্তুল। নিজের গল্প ও চিত্রনাট্যে সিনেমাটি নির্মাণ করছেন মোহাম্মদ নূরুজ্জামান। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে এটি পেয়েছে ‘ইউ রেট’, এর মানে হলো যেকোনো বয়সী দর্শকের দেখার যোগ্য মাস্তুল।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিনেমাটির প্রেক্ষাপট নিয়ে নূরুজ্জামান বলেন, ‘আমার বেড়ে ওঠা নারায়ণগঞ্জের বন্দর এলাকায়। ছোট থেকেই জাহাজিদের জীবনের নানা কর্মকাণ্ড দেখে আসছি। খুব ইচ্ছে ছিল তাদের জীবনচিত্র ক্যামেরার ফ্রেমে বন্দি করার। মাস্তুলের মাধ্যমে সে সুযোগ পেয়ে তা আর হাতছাড়া করলাম না।’

মাস্তুলের মুক্তি নিয়ে মোহাম্মদ নূরুজ্জামান বলেন, ‘আমরা গত বছরেই মাস্তুলের সব কাজ সম্পন্ন করেছি। দেশের বাইরে হয়েছে এ সিনেমার সাউন্ডের কাজ। এবার যেহেতু মুক্তির আনুষ্ঠানিক অনুমতি পাওয়া গেল, সামনে সুবিধাজনক একটি সময়ে সিনেমাটি মুক্তি দেয়ার পরিকল্পনা আছে।’

মাস্তুল সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন নন্দিত অভিনেতা ফজলুর রহমান বাবু। তাকে দেখা যাবে জাহাজের বাবুর্চির চরিত্রে। সিনেমাটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, শিকদার মুকিত ও শিশুশিল্পী আরিফ।