বলিউডে শিল্পা শেঠির আবেদন ভিন্ন মাত্রার। বলিউডে গ্ল্যামারকে তিনি পরিচয় করিয়েছিলেন নিজের মতো করে। এরপর অবশ্য অনেকদিন ধরেই মূলধারার সিনেমায় অনুপস্থিত। তবে এবার নতুন করে ফিরছেন রোহিত শেঠির কপ ইউনিভার্সের সিরিজ ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ দিয়ে। সে সূত্রেই এ সাক্ষাৎকারে শিল্পা বললেন যে ‌ভারতে নারীকেন্দ্রিক অ্যাকশন সিনেমা আরো বেশি তৈরি হওয়া দরকার।

সম্প্রতি পিটিআইয়ের সঙ্গে সাক্ষাৎকারে শিল্পা বলেন, ‘আমরা সাধারণত বাজেটের কারণে নারীদের নিয়ে অ্যাকশন ফিল্ম তৈরি করি না। তার চেয়েও বড় কথা আমরা এখনো একটা পুরুষ শাসিত সমাজেই বাস করি। খুব খুশি হব যদি এ চিত্র বদল হয়। এমন একটা ইন্ডাস্ট্রি দেখতে চাই, যেখানে ভারতের অভিনেত্রীরাও গাল গাদত, স্কারলেট জোহানসনদের মতো অ্যাকশন সিনেমায় অভিনয় করবেন। আমি নিজে লং কিস গুডনাইটের মতো সিনেমায় অভিনয় করতে চাই। এ সিনেমাগুলোয় ইমোশন আর কনটেন্ট দুটোই থাকে। আমি আশা করি, আমাদের নির্মাতারাও এ রকম কাজ করবেন।’

৪৮ বছর বয়সী শিল্পা অভিনয় করেছেন তারা শেঠি চরিত্রে। ইন্ডিয়ান পুলিশ ফোর্সের মাধ্যমে রোহিত তার কপ ইউনিভার্সকে সবচেয়ে বিস্তৃত করেছেন। এ সিরিজের সঙ্গে সংযোগ থাকবে সিংহাম, সিম্বা ও সূর্যবংশীর। তবে এবারের সিরিজে যুক্ত হয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা ও বিবেক ওবেরয়। মূলত বিবেক, সিদ্ধার্থ ও শিল্পাই সিরিজের মূল তিন চরিত্র। কপ ইউনিভার্সের অন্যান্য চরিত্র কীভাবে আসবে, তা এখনো বোঝা যাচ্ছে না। তবে শিল্পা আছেন অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে।

শিল্পা শেঠির বলিউড অভিষেক হয়েছিল শাহরুখ খান অভিনীত ও আব্বাস-মাস্তান পরিচালিত ‘বাজিগর’ দিয়ে। এরপর তিনি অক্ষয় কুমার, সালমান খানসহ বলিউডের সেরা অভিনেতাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। পাশাপাশি ফিটনেস নিয়ে সচেতনতা ও গ্ল্যামারের কারণেও আলোচনায় থেকেছেন। 

‌ইন্ডিয়ান পুলিশ ফোর্স নির্মাতা রোহিত বলেন, ‘আমরা তাকে একজন নায়ক বলি। বয়স কোনো বিষয় নয়, কেবল একটা সংখ্যা। ব্যাপারটা হলো অভিনেতা কেমন কাজ করছেন।’ এদিকে শিল্পা বলেন, ‘বয়সের দিকে না তাকিয়ে নিজের কাজটা ঠিকমতো করাই বড় কথা। এখন আমরা দেখছি অভিনেত্রীদের ভিন্ন ধারার চরিত্র দেয়া হচ্ছে। তারা সেখানে ভালোও করছেন। কাজ করার সুযোগ তৈরি হচ্ছে।’

সে সুযোগের প্রসঙ্গেই শিল্পা জানান, তার অভিনীত চরিত্রটি প্রথমে একজন অভিনেতাকে ভেবে লেখা হয়েছিল। পরে রোহিত শেঠি সেখানে একজন অভিনেত্রীকে কাস্ট করার কথা চিন্তা করেন। শিল্পা বলেন, ‘আমি একমাত্র নারী কপ এই কপ ইউনিভার্সে। রোহিত এ চরিত্রকে একটা চরিত্র হিসেবে তৈরি করেছে, নারী বা পুরুষ হিসাবে নয়। এছাড়া চরিত্রটা লেখাও হয়েছে দারুণ গুরুত্ব দিয়ে।’

সিরিজে নিজের চরিত্রটি সুচারুভাবে ফুটিয়ে তুলতে একজন সত্যিকার পুলিশ অফিসারকে অনুসরণ করেছেন শিল্পা। তিনি সাবেক আইপিএস অফিসার কিরণ বেদির কাছ থেকে অনুপ্রাণিত। শিল্পা বলেন, ‘রোহিত যেভাবে চেয়েছে, আমি সেভাবেই কাজটা করেছি। তবে এ চরিত্রের মধ্যে কিরণ বেদির ছাপ দেখা যাবে।’

শিল্পা তার অভিনয়ের ক্ষেত্র বলিউডেই সীমাবদ্ধ রাখেননি। এরই মধ্যে কাজ করেছেন একটি প্যান ইন্ডিয়ান সিনেমায়। ধ্রুব শারজার ‘কেডি—দ্য ডেভিল’ সিনেমায় অভিনয় করছেন তিনি। 

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস