একের পর এক চমক দেখাচ্ছে কে-পপ সেনসেশন বিটিএস। এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে যোগ দিয়েছেন দলের সদস্য ভি, জাংকুক, জিমিন, সাগা, জিন, জে-হোপ ও আরএম। মাধ্যমটিতে যোগ দেয়ার একদিন পার না হতেই ভেঙেছে আগের সব রেকর্ড। এরই মধ্যে ১ কোটি ১০ লাখ ফলোয়ারের মাইলফলক অতিক্রম করেছে প্রত্যেক সদস্যের অ্যাকাউন্ট। আর এর মধ্য দিয়ে দলের অন্যতম সদস্য ভি আবারো প্রমাণ করলেন, তিনি সারা বিশ্বের মানুষের কাছে কতটা জনপ্রিয়।
ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদনমতে, মাত্র ৪০ মিনিটে ১০ লাখ ফলোয়ারের মাইলফলক অতিক্রম করেছেন কিম তাই-হিউং বা ভি। আর এর মধ্য দিয়ে কে-পপ গায়ক হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির রেকর্ড ভেঙেছেন। এখন ২৪ ঘণ্টার মধ্যে এক কোটি ফলোয়ার অর্জন করার দ্রুততম ব্যক্তি ভি। এর আগে রেকর্ডটি ছিল ফ্রেন্ডস তারকা জেনিফার অ্যানিস্টনের। বর্তমানে মার্কিন এ গায়িকার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফলোয়ার রয়েছে ১ কোটি ৭৮ লাখ।
সম্প্রতি পারমিশন টু ড্যান্স অন স্টেজ শিরোনামে লস অ্যাঞ্জেলসে চারদিনের কনসার্টে অংশ নেয় কোরীয় এ ব্যান্ড। বিশ্বের বিভিন্ন দেশের কয়েক হাজার ভক্ত কনসার্টে হাজির হয়েছিলেন। পারমিশন টু ড্যান্স অন স্টেজ থেকে ৩ কোটি ৩৩ লাখ মার্কিন ডলার বা ২৮৫ কোটি টাকার বেশি আয় করেছেন এ সপ্তক।
বর্তমানে সংক্ষিপ্ত বিরতিতে রয়েছেন বিটিএস তরুণরা। বিরতিতে নতুন অ্যালবামের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা। এছাড়া পারমিশন টু ড্যান্স অন স্টেজ শিরোনামে সিউলে এক কনসার্টের প্রস্তুতি নিচ্ছে বিটিএস। কনসার্টটি অনুষ্ঠিত হবে আগামী বছরের মার্চে।
কোরিয়ান কে-পপ ব্যান্ডের প্রথম ইংরেজি গান ডিনামাইট। এ গান দিয়ে বিশ্বের সংগীত অনুরাগীদের মন জয় করে নেয় তারা। বিলবোর্ড হট ১০০ চার্টের শীর্ষে ছিল গানটি।
সূত্র: ইন্ডিয়া ডটকম










