ওটিটি প্লাটফর্মগুলোর জনপ্রিয়তা বেড়েই চলেছে। ভিন্নধর্মী কনটেন্ট দিয়ে দর্শক টানার চেষ্টা করছে ওটিটিগুলো। দর্শকের জন্য চমক নিয়ে আসতে ব্যস্ত তারা। ওটিটির নিয়মিত মুখ তমা মির্জা। ‘সুড়ঙ্গ’ সিনেমার সফলতার পর এবার নতুন ওয়েব সিরিজে কাজ করতে যাচ্ছেন এ অভিনেত্রী। ওয়েব সিরিজের পরিচালনায় থাকছে চমক। পশ্চিমবঙ্গের বিখ্যাত গায়ক অঞ্জন দত্তের পরিচালনায় ওয়েব সিরিজে দেখা যাবে তমা মির্জাকে। প্রথমবারের মতো বাংলাদেশের ওটিটিতে কাজ করতে যাচ্ছেন কলকাতার জনপ্রিয় গায়ক, অভিনেতা ও পরিচালক অঞ্জন দত্ত। ওয়েব সিরিজটির নাম ‘দুই বন্ধু’। দেশের ওটিটি প্লাটফর্ম বিঞ্জ অরিজিনালের জন্য নির্মিত হতে যাচ্ছে ওয়েব সিরিজটি।

বিঞ্জের ফেসবুক পেজ থেকে অঞ্জন দত্তের সঙ্গে তমা মির্জার একটি ছবি প্রকাশ করে জানানো হয় আসন্ন ওয়েব সিরিজটির বিষয়ে। বর্তমানে কলকাতায় আছেন তমা মির্জা। ওয়েব সিরিজটি নিয়ে জানতে চাইলে তমা মির্জা বলেন, ‘‌আমি অঞ্জন দত্তের ভক্ত। তার পরিচালনায় কাজ করব এটা ভেবে অনেক ভালো লাগছে। আমি খুব এক্সাইটেড কাজটা নিয়ে। দারুণ একটি গল্পে নির্মাণ হচ্ছে সিরিজটি। শিগগিরই এর কাজ শুরু হবে। শুটিং করার পর পুরো জার্নির অভিজ্ঞতা শেয়ার করতে পারব। আপাতত শুটিং শুরুর অপেক্ষায় আছি।’

ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের জন্য তমা মির্জা সুপরিচিত। সিনেমা ও ওয়েব সিরিজ দুই মাধ্যমেই দেখা যায় এ অভিনেত্রীকে। অভিনয়ের জন্য কোন মাধ্যমকে বেশি প্রাধান্য দেন তমা এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘‌আমার কাছে কাজের ক্ষেত্রে সব মাধ্যম সমানভাবে গুরুত্বপূর্ণ। সেটা টেলিভিশন, সিনেমা কিংবা ওটিটি হতে পারে। কোনো মাধ্যমকেই আলাদা কিংবা ছোট করে দেখার কিছু নেই। যেহেতু আমরা ফিল্মের মানুষ, তাই বড় পর্দাকেই বেশি প্রাধান্য দিই। স্বাভাবিকভাবেই বড় পর্দার প্রতি আমাদের ভালোবাসা, টান অন্য রকম। তবে দর্শকের কাছে পৌঁছার জন্য সব মাধ্যমকেই গুরুত্ব দিয়ে কাজ করা উচিত।’

ঢাকার শ্রোতাদের গান শোনাতে গত ৩০ সেপ্টেম্বর ঢাকায় এসেছিলেন অঞ্জন দত্ত। ওই দিন সন্ধ্যায় ঢাকার তেজগাঁওয়ের আলোকি কনভেনশন সেন্টারে ‘অঞ্জন দত্ত ইন মেট্রোপলিস’ শিরোনামের কনসার্টে গান পরিবেশন করেন তিনি। স্টেজে গান গাওয়ার ফাঁকেই তিনি দেন নতুন এ ওয়েব সিরিজের ঘোষণা। তিনি জানিয়েছিলেন, তার পরিচালনায় কাজ করবেন বাংলাদেশ ও ভারতের অভিনয়শিল্পীরা। সিরিজটিতে উঠে আসবে আনন্দ, ভালোবাসা ও বন্ধুত্বের গল্প।

‘দুই বন্ধু’ নামের এ ওয়েব সিরিজ একটি মিউজিক্যাল ওয়েব সিরিজ হতে যাচ্ছে। পরিচালনার পাশাপাশি সিরিজটিতে অভিনয়ও করবেন অঞ্জন দত্ত। সিনেমায় তমা মির্জা ছাড়া আরো থাকছেন দুই বাংলার একঝাঁক জনপ্রিয় অভিনয়শিল্পী। মিউজিক্যাল এ ওয়েব সিরিজে বড় চমক হিসেবে থাকছে অঞ্জন দত্তের গাওয়া নতুন ছয়টি গান। অঞ্জন দত্ত পরিচালিত বিঞ্জ অরিজিনাল ‘দুই বন্ধু’ ওয়েব সিরিজটি প্রযোজনা করছেন হাসিবুল হাসান তানিম।

বাঙালিদের কাছে প্রথম পরিচিত হয়ে ওঠেন অভিনেতা হিসেবে। ‘ওপেন থিয়েটার’ নামক নাটকের দলে কাজ করার পাশাপাশি তিনি সিনেমার জগতেও কাজ শুরু করেন। মৃণাল সেনের পরিচালনায় ‘চালচিত্র’ সিনেমায় তার অভিনয় বিদেশের নানা চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়। এর পরে ‘খারিজ’, ‘গৃহযুদ্ধ’, ‘মহাপৃথিবী’, ‘অন্তরীণ’-এর মতো সিনেমায় তার অভিনয় প্রশংসিত হয়েছিল সমালোচক মহলে। ১৯৯৪ সালে প্রথম গানের জগতে আসেন অঞ্জন দত্ত। প্রথম অ্যালবামের নাম ‘শুনতে কি চাও’। আর ১৯৯৮ সাল থেকে সিনেমা নির্মাণও শুরু করেন। সর্বশেষ কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা ‘পালান’-এ অভিনয় করেছেন তিনি। এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে দেখা গেছে তাকে। মৃণাল সেনের জন্মশতবর্ষে প্রয়াত পরিচালককে শ্রদ্ধার্ঘ্য জানাতে ‘পালান’ সিনেমাটি নির্মাণ করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। এবার দেখার পালা ওয়েব সিরিজে কী চমক নিয়ে হাজির হন অঞ্জন দত্ত ও তমা মির্জা। সিরিজটির শুটিং কোথায় হবে এবং কবে হবে এ নিয়ে এখনই মুখ খুলছেন না এর কলাকুশলীরা। তাই অপেক্ষা করতে হবে অঞ্জন দত্ত ও তমার ‘‌দুই বন্ধু’র জন্য।