অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ সালমান খানের নতুন ছবি। কিছুদিন আগে এক শিখ পুলিশের চরিত্রে সালমানের লুক প্রকাশিত হয়েছিল। এবার ছবির নির্মাতারা অন্তিমের ফার্স্ট লুক টিজার উন্মুক্ত করেছেন। মহেশ মাঞ্জরেকারের পরিচালনায় ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে আয়ুশ শর্মাকে। আয়ুশ অভিনয় করেছেন এক গ্যাংস্টারের ভূমিকায়। গ্রামের এক সাধারণ ছেলে থেকে গ্যাংস্টার হয়ে ওঠেন আয়ুশ। আর সালমান খান এক শিখ পুলিশ কর্মকর্তা। টিজারে দেখা যাচ্ছে, আয়ুশ আক্রমণ করছেন সালমান খানকে আর সালমান তা রুখে দিয়েছেন। দুজনের পেশিবহুল ফিগারের প্রদর্শনীও দেখা গেছে টিজারে।

টিজার ভিডিও শেয়ার করে সালমান খান লিখেছেন, ‘অন্তিমের যাত্রা হলো...অন্তিমের ফার্স্ট লুক।’ কিছুদিন আগে এক বিবৃতিতে সালমান খান বলেছিলেন, ‘আমি অন্তিমের পথ চেয়ে আছি। লকডাউনের দীর্ঘ বিরতির পর আবার সেটে ফিরেছি। দর্শকরা ছবিটি উপভোগ করবেন। এ রকম দুনিয়া তারা আগে কখনো দেখেননি।’

ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ জানাচ্ছে, ‘ছবিতে আয়ুশ এক গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করছেন। তার শারীরিক গঠনে কঠোরতা নিয়ে আসতে দুই মাস তাকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। শারীরিকভাবে তিনি প্রস্তুত হওয়ামাত্র নির্মাতারা শুরুতেই অন্য সব দৃশ্যের আগে অ্যাকশনগুলো শুট করার সিদ্ধান্ত নেন।’ ছবির অ্যাকশন দৃশ্যে আয়ুশের কোনো ডাবল ব্যবহার করা হয়নি।

১৬ নভেম্বর পুনেতে শুরু হয়েছে এ ছবির শুটিং। এরপর কারজাট ও মুম্বাইয়ের ভারসোভায় স্টুডিওতে চলছে শুটিং।

অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ মুক্তি পাবে ২০২১ সালে।

 

সূত্র: মুম্বাই মিরর