যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার ন্যাশনাল সোসাইটি অব ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ডস জিতেছে শোলে ঝাওয়ের ছবি নোমাডল্যান্ড। চারটি বিভাগে এ ছবি সেরা হয়েছে—সেরা ছবি, সেরা সিনেমাটোগ্রাফি; ছবির জন্য সেরা পরিচালক হয়েছেন শোলে ঝাও আর ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড হয়েছেন সেরা অভিনেত্রী।
শনিবার ন্যাশনাল সোসাইটি অব ফিল্ম ক্রিটিকসের ৫৫তম সভায় ২০২০ সালের সেরা ছবি ও অন্যান্য বিভাগের বিজয়ীদের নির্ধারণ করতে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। ভোটের ফলাফল সংগঠনের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সিনেমা হল কিংবা স্ট্রিমিং প্লাটফর্মে মুক্তি পাওয়া যেকোনো ছবিকেই এবার বিবেচনায় নেয়া হয়েছে। গত বছর ন্যাশনাল সোসাইটি অব ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ডসে সেরা ছবি হয়েছিল বং জুন হোর প্যারাসাইট। পরবর্তী সময়ে অস্কারেও প্যারাসাইট সেরা ছবি নির্বাচিত হয়েছিল।
বেদনার গল্প নোমাডল্যান্ড। অর্থনৈতিক মন্দার সংকটে এক নারীর যাযাবর জীবনের কাহিনী দেখা যায় ছবিতে। এ নারী চরিত্রের নাম ফার্ন। তার বয়স ষাটের ঘরে। বিধবা ও গৃহহীন। একটি ভ্যানে করে তিনি ঘুরে বেড়ান একটা চাকরির খোঁজে। গত মাসে ২০২০-এর জন্য লস অ্যাঞ্জেলেস ফিল্ম ক্রিটিকস অ্যাসোসিয়েশন ও নিউইয়র্ক ফিল্ম ক্রিটিকস সার্কেল তাদের অ্যাওয়ার্ডসে সেরা পরিচালক হিসেবে শোলে ঝাওকে নির্বাচিত করেছিল।
সেরা অভিনেতা হয়েছেন ডেলরো লিন্ডো। স্পাইক লির ‘ডা ফাইভ ব্লাডস’
ছবিতে সামরিক বাহিনীর একজন যোদ্ধার চরিত্রে অভিনয়ের জন্য তিনি এ পুরস্কার পেয়েছেন।
সূত্র: ভ্যারাইটি










