অতিমারীর থাবার পর সান দিয়েগো কমিক-কন ফিরেছিল ২০২২ সালে। একটি সফল আয়োজন উপহার দিয়েছে তারা। এ বছর আরো বড় করে আয়োজন হওয়ার কথা। কিন্তু নানা কারণে ততটা জৌলুস হয়তো থাকবে না। কারণ এবার বেশকিছু সমস্যা পার করতে হবে কমিক-কনকে। প্রথমেই আসে বৈশ্বিক মন্দা ও মুদ্রাস্ফীতি। প্রতিটি খাতই এ কারণে ভুক্তভোগী। পাশাপাশি নতুন সংকট হয়ে উঠেছে চিত্রনাট্যকারদের ধর্মঘট। অনেকদিন ধরেই তারা কিছু দাবি নিয়ে ধর্মঘট করছেন,
কিন্তু দাবি পূরণ হচ্ছে না সহজে। এ অবস্থায় সান দিয়েগো কমিক-কনও পড়েছে সমস্যায়। চিত্রনাট্যকারদের ধর্মঘটের কারণে এবার কমিক-কনে অংশগ্রহণ কমবে। তবে ভক্তরা তো আর বাদ দেবেন না। তাদের আগ্রহের কেন্দ্রে থাকছে মার্ভেল ও ডিসির কমিক ইউনিভার্স।
মার্ভেল এ বছরের কমিক-কনে বেশিকিছু আনছে না। অন্তত এখন পর্যন্ত কোনো আভাস তারা দেয়নি। কেবল একটি গেমের কথা জানানো হয়েছে। কমিক-কনে আসবে মার্ভেলস স্পাইডার ম্যান টু: সিমবায়োটিক রিলেশনশিপ। এটি প্লে স্টেশন ফাইভের উপযোগী গেম। গেমটি তৈরি করেছে ইনসোমনিয়াক গেমস। কমিক কনে মূলত এ গেমের বিহাইন্ড দ্য সিন সম্পর্কে জানা যাবে।
কমিক-কনের জন্য আলাদা পরিকল্পনা আছে ডিসির। রীতিমতো বিশাল প্ল্যান তারা নিয়েছে এবারের কমিক-কন ঘিরে। ডিসি তাদের একটি বুথ থেকে আসন্ন সিনেমা ও কমিক নিয়ে কথা বলবে। ২০ জুলাই শুরু হতে যাওয়া কমিক-কনের প্রথম দিনই ‘গথাম সিটি প্যানেল’ থেকে ব্যাটম্যান ও ব্যাট-ফ্যামিলি নিয়ে কথা বলা হবে। ব্যাটম্যানের নতুন সিনেমা নিয়ে ডিসির পরিকল্পনা জানানো হবে সেদিন। এছাড়া শনিবার সুপারম্যানের আসন্ন সিনেমা নিয়ে ভক্তদের সামনে হাজির হবে ডিসি।
এবারের কমিক-কন ভারতের জন্য বিশেষ। কেননা কমিক-কনে অংশ নিচ্ছেন প্রভাস, দীপিকা পাড়ুকোন ও কমল হাসান। আসন্ন সিনেমা ‘প্রজেক্ট কে’ নিয়ে নাগ অশ্বিন এ তিন তারকার সঙ্গে হল এইচে কমিক-কনে আগত দর্শক ও কমিক ভক্তদের সঙ্গে কথা বলবেন। মূলত এ সিনেমার নির্মাণ ও বিশেষত্বই জানাবেন তারা।
সূত্র: স্ক্রিন র্যান্ট










