সম্প্রতি পারমিশন টু ড্যান্স অন স্টেজ শিরোনামে লস অ্যাঞ্জেলেসে চারদিনের কনসার্টে অংশ নিয়েছে কে-পপ সেনসেশন বিটিএস। যথারীতি সফলভাবেই কনসার্ট শেষে করেছে তারা, আরো একবার প্রমাণ হয়েছে পশ্চিমা দুনিয়াতেও এই এশীয় ব্যান্ডের প্রভাব। দুনিয়ার বিভিন্ন দেশের বিটিএস ভক্তরা এ কনসার্টে হাজির হয়েছিলেন। মঞ্চে বাটার, ডাইনামাইট, ফেক লাভের মতো নিজেদের অনেক জনপ্রিয় গান পরিবেশন করে বিটিএস।

বিটিএসের কনসার্টে উপস্থিত হয়েছিলেন অনেক সেলিব্রিটিও, যাদের মধ্যে আছেন আমেরিকান র্যাপার মেগান থি স্ট্যালিয়ন, কোল্ড প্লের ক্রিস মার্টিন ও মার্কিন গায়িকা হ্যাজলে।

চারদিনের কনসার্টে বিটিএস কত আয় করেছে সেটা জানলে চোখ কপালে উঠতে পারে যে কারো। বিলবোর্ডের তথ্যমতে, বিটিএস পারমিশন টু ড্যান্স অন স্টেজ থেকে রেকর্ড ভেঙে ৩ কোটি ৩৩ লাখ মার্কিন ডলার বা ২৮৫ কোটি টাকার বেশি আয় করেছে। চারদিনের কনসার্টে টিকিট বিক্রি হয়েছে ২ লাখ ১৪ হাজার। কনসার্ট ভেন্যুগুলো করোনা মহামারীর ধাক্কা কাটিয়ে খুলে যাওয়ার পর এটাই কোনো একক আয়োজন থেকে সর্বোচ্চ আয়। লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামের এ কনসার্টের মাধ্যমে প্রথম অ-ইংরেজিভাষী কোনো একক বিনোদন অনুষ্ঠান ২ কোটি মার্কিন ডলারের বেশি আয় করল। অন্যদিকে গত এক দশকে কোনো একক কনসার্ট থেকে এত বেশি আয় করতে পারেনি কোনো শিল্পী বা ব্যান্ড।

পারমিশন টু ড্যান্স অন স্টেজের জন্য বেশ কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বিটিএসের সদস্যরা। এখান থেকে তারা নিজের দেশে ফিরবেন এবং দক্ষিণ কোরিয়ার নিয়মানুসারে ১০ দিন তাদের কোয়ারেন্টিনে থাকতে হবে। তাই ধারণা করা হচ্ছে, ১১ ডিসেম্বর অনুষ্ঠেয় এমনেট এশিয়ান মিউজিক অ্যাওয়ার্ডসে তারা পারফর্ম করতে পারবেন না।

পারমিশন টু ড্যান্স অন স্টেজ শিরোনামে সিউলেও কনসার্ট করার ঘোষণা দিয়েছে বিটিএস। কনসার্টটি অনুষ্ঠিত হবে ২০২২ সালের মার্চে।

 সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস