হ্যারিসন ফোর্ড এখন জীবন্ত কিংবদন্তি। সম্প্রতি আজীবন সম্মাননা পেলেন ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ডে। এছাড়া নানা সময় তাকে নিয়ে আলোচনা হয় এবং ভবিষ্যতেও হবে। অভিনেতা এবার খবরের শিরোনাম হলেন স্টার ওয়ার্স নিয়ে। ‘হান সলো’ চরিত্রে অভিনয় করা ফোর্ডের একটি চিত্রনাট্য নিলামে উঠেছিল এবং সেটি বিক্রি হয়েছে ১৩ হাজার ৬০০ ডলারে। মূলত স্টার ওয়ার্সের একটি খসড়া চিত্রনাট্য তিনি ফেলে গিয়েছিলেন লন্ডনের অ্যাপার্টমেন্টে। সেটিই শনিবার উঠেছিল নিলামে।
১৯৭৭ সালে মুক্তি পায় স্টার ওয়ার্সের প্রথম সিনেমা। সিনেমাটির শুটিংয়ের সময় হ্যারিসন ফোর্ড ছিলেন লন্ডনে। সেখানেই এলস্ট্রি থিয়েটারে এর শুটিং হচ্ছিল। চিত্রনাট্যের কয়েকটি খসড়া করা হয়েছিল। ফোর্ড নিজেই করতেন কিছু। সেখানেই চতুর্থ ড্রাফট করেছিলেন হ্যারিসন ফোর্ড। ১৫ মার্চ ১৯৭৫ সালের তারিখ দেয়া চিত্রনাট্যের কপি ১৯৭৬ সালে একজন অস্ট্রিয়ান সংগ্রাহকের হাতে যায়। এটিই গত শনিবার উত্তর লন্ডনের হার্টফোর্ডশায়ারের এক্সক্যালিবার অকশনে নিলাম হয়।
হ্যারিসন তার লন্ডনের অ্যাপার্টমেন্টে চিত্রনাট্যের কপির পাশাপাশি শুটিংয়ের একটি সময়সূচি ও এজেন্টের একটি চিঠিও রেখে গিয়েছিলেন। তিনটি জিনিসই নিলামে তোলা হয়েছিল। এর মধ্যে চিত্রনাট্যের কপির দাম উঠেছে ১০ হাজার ৭৯৫ পাউন্ড, শুটিং সময়সূচি ৪ হাজার ৮২৬ পাউন্ড ও চিঠিটি বিক্রি হয়েছে ১৭৭ দশমিক ৮০ পাউন্ডে।
শুটিং সূচি ও চিঠিটি অ্যাপার্টমেন্টের মালিক খুঁজে পেয়েছিলেন এবং কয়েক দশক তারা যত্ন করে রেখেছিলেন। অন্যদিকে অসম্পূর্ণ চিত্রনাট্যটি দেখে বোঝা যায়, তা বেশ কয়েকবার সম্পাদনার মধ্য দিয়ে গেছে। এ চিত্রনাট্যের ৫৬ পৃষ্ঠায় হান সলোকে পরিচয় করিয়ে দেয়া হয়।
১৯৭৭ সালে মুক্তি পাওয়া স্টার ওয়ার্সই হ্যারিসন ফোর্ডকে দুনিয়াজোড়া খ্যাতি এনে দেয়। এরপর ১৯৮০ সালে ‘দ্য এম্পায়ার স্ট্রাইকস ব্যাক’, ১৯৮৩ সালে ‘রিটার্ন অব দ্য জেডি’ ও সর্বশেষ ২০১৫ সালে তিনি অভিনয় করেছেন ‘দ্য ফোর্স অ্যাওয়াকেনস’ সিনেমায়। সম্প্রতি তিনি অভিনয় করেছেন জেমস ম্যানগোল্ড পরিচালিত ‘ইন্ডিয়ানা জোনস’ সিরিজের মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা ‘ডায়াল অব ডেস্টিনি’তে। স্পিলবার্গের ইন্ডিয়ানা জোনস করেও হ্যারিসন ফোর্ড পেয়েছিলেন প্রভূত জনপ্রিয়তা। সম্প্রতি শেষ সিনেমার নির্মাতা ম্যানগোল্ড তাকে উল্লেখ করেছেন ‘হাইপারজায়ান্ট’ (সূর্যের শতগুণ বড় নক্ষত্র) হিসেবে।
সূত্র: ইয়ন










