সিরিজ ও টিভি নাটক নির্মাণে নিজের জাত চিনিয়েছেন ভিকি জাহেদ। একের পর এক সিরিজ ও টিভি নাটক নির্মাণে দর্শকের কাছে পৌঁছেছেন তিনি। ক্যারিয়ার শুরু করেছিলেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের মাধ্যমেই। আবারো  তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে আসছেন তিনি। এ সপ্তাহে মুক্তি পাচ্ছে ভিকি নির্মিত বিঞ্জ অরিজিনাল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র একটি খোলা জানালা। 

মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানার এ চলচ্চিত্রের গল্পে দেখা যাবে, কেশবপুর এলাকায় একের পর এক সেবিকা (নার্স) খুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বেছে বেছে কারা নার্সকে খুন করছে, কেন খুন করছে তা তুলে ধরা হয়েছে। একটি খোলা জানালার পোস্টারবিঞ্জের সৌজন্যে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ভিকির ‘তিথিডোর’ ও ‘হাজত’ আলোচিত হয়েছে।

গত সোমবার তিনি গণমাধ্যমকে বলেন, ‘এটিও একটি নিরীক্ষাধর্মী কাজ। ক্যারিয়ারের শুরুতে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বানিয়েছিলাম। অনেক দিন পর আবারো বানালাম।’ এতে দুই সেবিকার চরিত্রে অভিনয় করছেন তাসনিয়া ফারিণ ও সালহা নাদিয়া। ফারিণ জানান, এ ধরনের চরিত্রে এবারই প্রথম পাওয়া যাবে তাকে। তিনি বলেন, ‘সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার গল্প আমার ভালো লাগে। এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের গল্প শুনে খুব ভালো লেগেছে।’ ভবিষ্যতে হইচইয়ের ওয়েব সিরিজ ‘মিথ্যাবাদী’ নির্মাণ করবেন ভিকি।