নন্দিত নির্মাতা ও অভিনেতা মামুনুর রশীদ। তার রচনা ও পরিচালনায় আসছে একটি নতুন নাটক। নাম ‘চরণ ছুঁয়ে যাই’। ১০০ পর্বে সমাপ্য ধারাবাহিক নাটকটি প্রচার হবে চ্যানেল আইয়ে।

নাটকটির গল্প সম্পর্কে বলা হচ্ছে, এটি নিছক কোনো প্রেমের গল্প নয়। দেশপ্রেম, ভালোবাসা, মায়া-মমতায় ঘেরা এবং ক্ষতবিক্ষত একটি জনপদের গল্প। বুকের ভেতর বৃষ্টি হওয়ার গল্প, চোখের ভেতর সব খোয়ানোর গল্প, প্রেমে মজে থাকার গল্প, প্রেমের আগুনে পুড়ে যাওয়ার গল্প। সব মিলিয়ে একটি সামাজিক ও পারিবারিক কাহিনী নিয়ে নির্মিত ধারাবাহিক নাটক চরণ ছুঁয়ে যাই।

এতে অভিনয় করেছেন মামুনুর রশীদ, চঞ্চল চৌধুরী, আবুল কালাম আজাদ, শামীমা তুষ্টি, আহসান হাবিব নাসিম, আজাদ আবুল কালাম, জয়রাজ, সফল খান, পাভেল আজাদ, সুষমা সরকার প্রমুখ। ধারাবাহিকটি প্রচার হচ্ছে সপ্তাহের প্রতি শনি-বুধবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে।