অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত সিনেমা রিকশা গার্ল। এটি দেশে এখনো মুক্তি না পেলেও একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ঘুরে পেয়েছে প্রশংসা। সিনেমাটির মুক্তি কবে, সে নিয়ে প্রায়ই জবাব দিতে হয় নির্মাতাকে। অন্যদিকে সম্প্রতি ঢাকার রিকশা ও রিকশা পেইন্টিং ইউনেস্কোর ‘অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য’র তালিকায় স্থান করে নিয়েছে। আর এ উপলক্ষেই সিনেমাটির মুক্তি নিয়ে নতুন ঘোষণা দিলেন আমিতাভ রেজা। নির্মাতা জানান, রিকশা গার্ল আগামী বছরের শুরুতেই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। অমিতাভ রেজা চৌধুরী বুধবার তার ফেসবুকে এ সিনেমার একটি পোস্টার শেয়ার করে লিখেছেন, ‘ইউনেস্কোর স্বীকৃতি পেল ঢাকার রিকশা ও রিকশাচিত্র। আমাদের ছবি সে রিকশাচিত্র নিয়ে, আগামী বছর এটি দেখতে পারব বাংলাদেশের সিনেমা হলে।’
সিনেমার মুক্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘সিনেমাটির মুক্তি নিয়ে আমরা ভাবছিলাম। ঢাকার রিকশা ও রিকশা পেইন্টিং নিয়ে ইউনেস্কোর আওতাধীন ‘অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য’র তালিকায় স্থান পেয়েছে। এটা আনন্দের আর আমাদের সিনেমাও এ রিকশা নিয়েই। সব মিলিয়েই আগামী বছরের ফেব্রুয়ারিতে সিনেমাটি মুক্তি দেয়ার ইচ্ছা আছে।’
রিকশা গার্ল অমিতাভ রেজার দ্বিতীয় চলচ্চিত্র। প্রথম সিনেমা ‘আয়নাবাজি’ দিয়ে প্রশংসা পেয়েছিলেন তিনি। ২০১৬ সালে মুক্তি পাওয়া সিনেমাটি সে সময় দেখার জন্য হলে দর্শকের ভিড় ছিল চোখে পড়ার মতো। অমিতাভ রেজার ভক্তরা তার দ্বিতীয় সিনেমা মুক্তির ঘোষণা আসতেই উচ্ছ্বাস প্রকাশ করছেন।
রিকশা গার্ল নির্মিত হয়েছে ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পারকিনসের কিশোর সাহিত্য অবলম্বনে। ‘নাইমা’ নামের এক কিশোরীর জীবনযুদ্ধকে ঘিরে আবর্তিত হয়েছে এ গল্প। শিল্পী নভেরা রহমান এ সিনেমায় নাইমা চরিত্রে অভিনয় করেছেন। এছাড়া সিনেমাটিতে আরো রয়েছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্র ও অন্যরা। রিকশা গার্লের চিত্রনাট্য লিখেছেন নাসিফ ফারুক আমিন ও শর্বরী জোহরা আহমেদ।
মিতালি পারকিন্সের কিশোর সাহিত্য রিকশা গার্ল থেকে সিনেমাটি নির্মাণ প্রসঙ্গে অমিতাভ রেজা বলেন, ‘এটা খুব জনপ্রিয় একটি উপন্যাস। আর এর গল্পটাও ভালো লাগার মতো। সিনেমাটির প্রযোজক আমাকে বলেন, ‘উনি রিকশা গার্ল নিয়ে একটা সিনেমা নির্মাণ করতে চান, আমি আগ্রহী কিনা। পরে আমি সিনেমাটা নিয়ে কাজ শুরু করি। এই ছিল মিতালি পারকিন্সের রিকশা গার্ল নিয়ে কাজ করার মূল কারণ।’
যুক্তরাষ্ট্রের প্রেসকট ফিল্ম ফেস্টিভ্যাল, জার্মানির শ্লিঙ্গেল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালসহ বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতেছে এবং সিনেমাবোদ্ধাদের প্রশংসা কুড়িয়েছে রিকশা গার্ল। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিত রিকশা গার্ল সিনেমার প্রযোজকরা হলেন জিয়াউদ্দিন আদিল, ফরিদুর রেজা সাগর ও এরিক জে অ্যাডামস। ২০১৯ সালের এপ্রিলে রাজশাহীতে রিকশা গার্ল সিনেমার শুটিং শুরু হয়। এরপর পাবনা ও গাজীপুরে এর শুটিং পর্ব শেষ হয়। নির্মাণ শেষে বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশ নেয় রিকশা গার্ল। এর আগে গত বছর মে মাসজুড়ে যুক্তরাষ্ট্রের ১৮ অঙ্গরাজ্যের ৫২ শহরে প্রদর্শিত হয়েছিল চলচ্চিত্রটি। আন্তর্জাতিক উৎসবে এর প্রদর্শনী প্রসঙ্গে আগে নির্মাতা জানিয়েছিলেন, চলচ্চিত্র উৎসবে রিকশা গার্ল সিনেমার ইংরেজি ভার্সন দেখানো হয়েছে। আর দেশের মানুষের জন্য এটি নির্মাণ করা হয়েছে বাংলা ভাষায়।
অন্যদিকে চলতি বছরের জানুয়ারিতে ঢাকা লিট ফেস্টে সিনেমাটির বিশেষ প্রদর্শনী হয়েছিল। দেশে এ সিনেমা মুক্তির আগে দেখার সুযোগ পেয়েছিল দর্শক। সে সময় সিনেমাটি দেখতে আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে দর্শকের ভিড় ছিল চোখে পড়ার মতো। এবার দেখার পালা আগামী বছর প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির পর হলে দর্শক টানতে পারে কিনা। আগামী বছরের ফেব্রুয়ারিতে সিনেমাটি মুক্তির পরই জানা যাবে সে জবাব।
২০২১ সালে রিকশা গার্লের অফিশিয়াল ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়ায় ইংরেজি ভাষায় সিনেমাটির ট্রেলার প্রকাশ হয়েছিল। সোয়া ২ মিনিটের ট্রেলারে নাইমার জীবনের কিছু অংশের দেখা মিলেছে। দরিদ্র পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নাইমার বাবা। আর বাবার অসুস্থতার কারণেই রাস্তায় রিকশা নিয়ে বের হয় নাইমা। পুরো ট্রেলারজুড়েই দেখা মেলে এ চরিত্রে অভিনয় করা নভেরা রহমানকে। সিনেমায় নাইমার মায়ের চরিত্রে অভিনয় করেছেন মোমেনা চৌধুরী ও বাবার চরিত্রে নরেশ ভুঁইয়া।










