ঘোষিত হয়েছে ‘গ্র্যামি অ্যাওয়ার্ড-২০২৪’-এর মনোনয়ন। দেখা যাচ্ছে, এবারের তালিকায় এগিয়ে আছেন নারীরা। এদের মধ্যে আবার সবচেয়ে এগিয়ে আছেন টেইলর সুইফট। তিনি অবশ্যই মনোনয়নের দাবি রাখেন, তবে এ বছর আরো বেশি রাখেন। কেননা এরাস ট্যুর ও সিনেমা দিয়ে তিনি আলোচনায় আছেন। সে কারণেই সং অব দ্য ইয়ারের মনোনয়ন পেয়েছেন সুইফট। ‘অ্যান্টি-হিরো’র জন্য এ মনোনয়ন পেয়েছেন তিনি। গীতিকার হিসেবে এটি তার সপ্তম মনোনয়ন। এর মাধ্যমে স্যার পল ম্যাককার্টনি ও লিওনেল রিচির ছয়টি করে মনোনয়নকে ছাড়িয়ে গেছেন সুইফট।

বছরের সেরা অ্যালবামের পুরস্কারও জিততে পারেন তিনি। এ নিয়ে টেক্কা দিচ্ছেন এসজেডএ, রদ্রিগো ও মাইলি সাইরাসের সঙ্গে। মিডনাইটসের জন্য বছরের সেরা অ্যালবাম বিভাগে নিজের ষষ্ঠ মনোনয়ন পেয়েছেন সুইফট। একজন নারী শিল্পীর জন্য সেরা অ্যালবামের সর্বাধিক মনোনয়নে তিনি এখন বারব্রা স্ট্রিস্যান্ডের সমান (ছয়টি) মনোনয়নের অধিকারী।

এ বছর যদি সেরা অ্যালবাম টেইলরের হয়, তাহলেও নতুন ইতিহাস তৈরি হবে। একজন শিল্পী চারবার সেরা অ্যালবামের অধিকারী হবেন।

টেইলরের পাশাপাশি নাম নিতে হয় এসজিএর (সোলানা ইমানি রোয়ি)। মনোনয়নে বছরের সেরা অ্যালবাম, সেরা রেকর্ড ও সেরা গানের ক্যাটাগরিসহ মোট নয়টি মনোনয়ন পেয়েছেন তিনি। এছাড়া মনে, ফোবে ব্রিজার্স ও মিক্সিং ইঞ্জিনিয়ার সার্বান ঘেনিয়া পেয়েছেন সাতটি করে মনোনয়ন। 

অনেকেই একাধিক মনোনয়ন পেয়েছেন এ বছর। ছয়টি করে মনোনয়ন পেয়েছেন টেইলর সুইফট, প্রযোজক জ্যাক অ্যান্টোনফ, ব্যাটিস্ট, বয়জেনিয়াস, ব্র্যান্ডি ক্লার্ক, সাইরাস, আইলিশ ও রদ্রিগো। এদিকে প্রথমবারের মতো মনোনয়ন পেলেন সংগীত তারকা আইস স্পাইস। দুটি মূল ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন তিনি।

রেকর্ডিং একাডেমির প্রধান হার্ভে মেসন জুনিয়র ও তারকা অতিথিরা একটি লাইভস্ট্রিমের মাধ্যমে ২০২৪ সালের মনোনয়নের তালিকা ঘোষণা করেন। গ্র্যামি ২০২৪-এর মূল অনুষ্ঠানটি ২০২৪ সালের ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এবং সিবিএস সরাসরি সম্প্রচার করবে।

সূত্র: বিবিসি