গোয়েন্দা ব্যোমকেশ বক্সী চরিত্রে কলকাতার কতজন তারকা অভিনয় করেছেন? একটু না ভেবে উত্তর দেয়া প্রায় অসম্ভব। এবার বিখ্যাত এই চরিত্রে অভিনয় করছেন দেব। তবে কে হবেন সত্যবতী, এ যেন সাক্ষাৎ আরেক রহস্য। কারণ দেব যেহেতু সুপারস্টার, তার বিপরীতে মানানসই অভিনেত্রীই আশা করবেন দর্শক।

গুঞ্জনের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস বলছে, সত্যবতী চরিত্রে রুক্মিণী মৈত্রকে দেখা যেতে পারে। গুঞ্জনের কারণটা একটু অদ্ভুতই বটে!

বাস্তবে দেব-রুক্মিণী নাম দুটি সব সময় একসঙ্গে জুড়েই থাকে। পর্দায়ও তাদের রসায়ন ঠিকঠাক। সব মিলিয়ে তাদের বলা হয়, টলিউডের অন্যতম পাওয়ার কাপল।

এই জনপ্রিয় জুটিকে শেষবার স্ক্রিন ভাগ করতে দেখা যায় ‘কিশমিশ’ ছবিতে। বক্স অফিসে ব্যাপক সাড়া পেয়েছিল সেই ছবি। লাগাতার হাউজফুল ছিল কিছুদিন। তারপর থেকে একটাই প্রশ্ন, আবার কবে একসঙ্গে পর্দায় আসবেন দেব-রুক্মিণী।

টলিউডের অন্দরের খবর, ব্যোমকেশ ছবিতেই নাকি সত্যবতী হয়ে ধরা দেবেন রুক্মিণী। কিছুদিন আগে বিপ্লবী বাঘাযতীন চরিত্রে অভিনয় করেছেন দেব। এবার নাকি ভোলবদলে পাশে পাচ্ছেন প্রেমিকাকে।

অবশ্য কোনো সূত্র ছাড়া এ খবর ছড়ায়নি। ব্যোমকেশের এবারের ছবিটি ‘দুর্গ রহস্য’ অবলম্বনে নির্মিত। যেখানে সত্যবতী গর্ভবতী, সেই কারণেই মনে করা হচ্ছে এই ছবির নায়িকা রুক্মিণী! কারণ দেব-রুক্মিণী জুটির প্রথম ছবি ‘চ্যাম্প’-এও অভিনেত্রীকে সন্তানসম্ভবার চরিত্রে দেখা গিয়েছিল। অবশ্য এমন কষ্ট কল্পনা নিয়ে সিনেমার টিম থেকে কোনো মন্তব্য করা হয়নি।

ছবিতে ব্যোমকেশের বন্ধু অজিতের চরিত্রে দেখা যেতে পারে অম্বরীশ ভট্টাচার্যকে। পরিচালনা করছেন বিরসা দাশগুপ্ত।

সাম্প্রতিক অতীতে অরিন্দম শীল, অঞ্জন দত্ত, ঋতুপর্ণ ঘোষ প্রমুখের পরিচালনায় শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গোয়েন্দা চরিত্রটি সেলুলয়েডের পর্দায় ধরা পড়েছে। নাম ভূমিকায় ছিলেন যিশু সেনগুপ্ত, আবির চট্টোপাধ্যায়, সুজয় ঘোষসহ অনেকে। এ চরিত্র নিয়ে বলিউডেও ছবি হয়েছে। এমনকি সত্যজিৎ রায়ের পরিচালনায় কয়েক দশক আগে মহানায়ক উত্তম কুমারও সেজেছিলেন ব্যোমকেশ।