চলচ্চিত্র অঙ্গনকে ঢেলে সাজানোর জন্য সংস্কারের ছোঁয়া লেগেছে। এরই মধ্যে এ অঙ্গনের কয়েকটি ক্যাটাগরিতে পরিবর্তন এসেছে। চলচ্চিত্র সার্টিফিকেশন আপিল কমিটি গঠন করেছে সরকার। গঠিত কমিটির সভাপতি করা হয়েছে মন্ত্রিপরিষদ সচিবকে। গত সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিবরণীতে নতুন কমিটি গঠনের কথা জানানো হয়েছে।

কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন তথ্য মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের চেয়ারম্যান ও সদস্য সচিব হিসেবে আছেন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান।

কমিটিতে সদস্য হিসেবে আরো রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিস্তার জাহান কবীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক হাবিবা রহমান, চলচ্চিত্র নির্মাতা হুমায়রা বিলকিস এবং শব্দ সম্পাদক নাহিদ মাসুদ।

এ প্রজ্ঞাপনে বলা হয়, ‘এ আপিল কমিটির মেয়াদ প্রজ্ঞাপনের তারিখ হতে আগামী ২ (দুই) বছর বলবৎ থাকবে। কমিটি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সিদ্ধান্তে সংক্ষুব্ধ সংশ্লিষ্ট ব্যক্তি-প্রতিষ্ঠানের আপিল আবেদনের বিষয়ে যথানিয়মে সিদ্ধান্ত প্রদান করবে।’

প্রজ্ঞাপন জারির ফলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গত ২৮ মার্চ প্রকাশিত ১২৭ নম্বর প্রজ্ঞাপন বাতিল বলে গণ্য হবে।