বৈশাখী টিভি নিয়ে আসছে একটি নতুন ধারাবাহিক নাটক, নাম ‘গিট্টু’। কমেডি নাটকটিতে অভিনয় করছেন একঝাঁক তারকা। আজ থেকে সপ্তাহে তিনদিন মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে এটি। সুস্ময় সুমনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রুমান রুনি।
নাটকের কাহিনী সম্পর্কে বলতে গিয়ে সুস্ময় সুমন বলেন, ‘খন্দকার আর মির্জা পরিবার। দুই পরিবারের প্রধান একসময় বন্ধু ছিল। একসঙ্গে ব্যবসা করতে গিয়ে তাদের মধ্যে বিরোধ শুরু হয়, যাকে নাটকের ভাষায় বলতে গেলে বলতে হয় গিট্টু লাগে। সে গিট্টু আর খোলে না। এখন দুই পরিবারের কেউ কাউকে দেখতে পারে না। খন্দকারের মেয়ে মিতা আর মির্জার ছেলে রাতুল দুজন দুজনের চোখের বিষ।’
নাটকে দেখা যাবে খন্দকার আর মির্জা পরিবারে দুই দারোয়ান আছে বকুল আর মুকুল। এরা আবার সম্পর্কে আত্মীয়। কিন্তু কীভাবে যেন দুজন দুই শত্রু পরিবারের সঙ্গে যুক্ত হয়ে গেছে। ফলে তারাও নানা ঘটনা ঘটাতে থাকে।
নাটকটিতে অভিনয় করেছেন আবদুল্লাহ রানা, শারাফ আহমেদ জীবন, নাজিয়া হক অর্ষা, মাহমুদুল ইসলাম মিঠু, সেমন্তী সৌমি, সাদ্দাম মাল, হোসাইন নীরব, শবনম পারভীন, রেশমা আহমেদ, জান্নাত সূচি, সিদ্দিক মাস্টার, কামরুন নাহার রুমা, শামীম আহমেদ মনা, ঊর্মী আহমেদ, পরিচালক রুমান রুনিসহ আরো অনেকেই।










