খবর বেরিয়েছিল এসএস রাজ চিন্তিত ছিলেন মহাভারতকে পর্দায় আনা নিয়ে আমির খানের উদ্যোগে। কারণ রাজমৌলি নিজেই বড় পর্দায় মহাভারতকেন্দ্রিক ছবি পরিচালনা করতে আগ্রহী। অবশ্য এখন রাজমৌলি হাঁফ ছেড়েছেন। কারণ বলিউড হাঙ্গামা জানাচ্ছে, উচ্চাভিলাষী এ প্রকল্প থেকে সরে এসেছেন বলিউডের মি. পারফেকশনিস্ট।
এক বছরের বেশি সময় মহাভারত নিয়ে গবেষণা করেছেন আমির খান এবং শেষমেশ তার মনে হয়েছে এ গ্রন্থের প্রতি সুবিচার করা তার পক্ষে সম্ভব হবে না। পর্দায় এর কাহিনী ফুটিয়ে তোলাটা কঠিন। তাই মহাভারত অবলম্বনে ছবি নির্মাণের পরিকল্পনা থেকে সরে এসেছেন আমির।
একটি সূত্রকে উদ্ধৃত করে বলিউড হাঙ্গামা জানিয়েছে, আমির খান মহাভারত নিয়ে একটি ওয়েব সিরিজ নির্মাণের পরিকল্পনা করেছিলেন। শুরুতে অবশ্য ফিচার ফিল্ম নির্মাণের কথা ছিল। এ ওয়েব সিরিজ নির্মাণে কমপক্ষে দুই বছর সময় দরকার হবে। কিন্তু এ সময় এখন তার নেই। তিনি বরং পরিচিত পরিচালকের কোনো ফিচার ফিল্মে নেমে পড়বেন। তবে এটাই একমাত্র কারণ নয়।
আমির খান মহাভারত নিয়ে কিছু নির্মাণ করবেন—এমন খবর বাজারে চাউর হওয়ার পর থেকেই বিভিন্ন মহল থেকে নানা বিতর্ক শুরু হয়। আমির খান অনুভব করেছেন এখন তার জন্য মহাভারত নির্মাণের সঠিক সময় নয়।
অনেক ভারতীয় গণমাধ্যমই মহাভারতকে আমির খানের ড্রিম প্রজেক্ট হিসেবে বর্ণনা করেছে। এমনকি আমির এ প্রকল্পে মনোযোগ দিতে গিয়ে নভোচারী রাকেশ শর্মার বায়োপিকের কাজও ছেড়ে দিয়েছেন।
সূত্র: বলিউড হাঙ্গামা










