নাটকে পরিচিত মুখ শ্যামল মাওলা। অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন তিনি। ওটিটিতেও কাজ করেছেন। ওটিটিতে নিজেকে নতুন রূপে জানান দিয়েছেন এ অভিনেতা। পাশাপাশি সিনেমার কাজেও ব্যস্ত সময় পার করছেন। ভিন্ন ভিন্ন চরিত্রে দেখা যাচ্ছে তাকে। সম্প্রতি বড় পর্দায় তার সরব উপস্থিতি পাওয়া যাচ্ছে। গত ঈদুল আজহায় মুক্তি পেয়েছে শ্যামল মাওলা অভিনীত ‘‌আগন্তুক’ সিনেমাটি। এর আগে মে মাসে মুক্তি পেয়েছিল তার আরেক সিনেমা ‘ডেডবডি’। জানা যায় ‘‌নাদান’ নামে আরেকটি সিনেমার কাজও করছেন। 

এরই মধ্যে জানা গেল তার নতুন আরেকটি সিনেমার খবর। মেহেদি হাসানের ‘‌আফজাল’ সিনেমায় দেখা যাবে শ্যামলকে। নব্বইয়ের দশকের সাধারণ এক মানুষের বেঁচে থাকার সংগ্রামের গল্প নিয়ে নির্মাণ হবে আফজাল। এতে তুলে ধরা হবে ভাঙা সংসারের সন্তানদের জীবনযুদ্ধের কাহিনী। সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করবেন শ্যামল মাওলা। কিছুদিন আগে প্রকাশ পেয়েছে এর ফার্স্টলুক পোস্টার। নির্মাতা মেহেদি হাসান বলেন, ‘‌একটি সংসার ভেঙে গেলে সে ঘরের সন্তানদের অনেক সময় সঠিক পরিচর্যা হয় না । বাবা-মায়ের ডিভোর্সের পর সন্তানদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। অনেকের জীবন ধ্বংস হয়ে যায়। এ সমাজে তাদের কী ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, সেটাই দেখাতে চাই।’

আফজাল সিনেমা নিয়ে মেহেদি হাসান আরো বলেন, ‘একটি ব্রোকেন ফ্যামিলিতে বেড়ে উঠেছে আফজাল। জীবনের বাধা পেরিয়ে সফল হতে ভুল পথ বেছে নেয় সে। হয়ে ওঠে অন্ধকার জগতের মানুষ। এ সিনেমার নায়ক ও ভিলেন দুটোই শ্যামল মাওলা।’ 

সিনেমাটির শুটিং সম্পর্কে নির্মাতা জানান, আগামী অক্টোবর নাগাদ শুরু হবে আফজাল সিনেমার শুটিং। বেশির ভাগ শুটিং হবে চট্রগ্রামে। একটি ভালো সিনেমা নির্মাণ করতে কোনো ছাড় দিতে রাজি নন নির্মাতা। আগামী বছর সিনেমাটি মুক্তির পরিকল্পনা করা হয়েছে। 

সিনেমাটিতে শ্যামল মাওলার বিপরীতে কে অভিনয় করবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। নির্মাতা জানান, কয়েকজন শিল্পীর সঙ্গে কথাবার্তা হচ্ছে। চূড়ান্ত হয়ে গেলেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে এর অন্যান্য অভিনয়শিল্পীর নাম। মেহেদি হাসানের গল্পে আফজাল সিনেমার চিত্রনাট্য লিখেছেন সোনিয়া হ্যাপি, প্রযোজনায় আছে অ্যাঞ্জেলস কমিউনিকেশন অ্যান্ড ফিল্মস। 

শ্যামল মাওলা এরই মধ্যে তার অভিনয় প্রতিভার প্রমাণ রেখেছেন। তিনি ‘সদরঘাটের টাইগার’ থেকে শুরু করে ‘মহানগর’ সিরিজেও ছিলেন দুর্দান্ত। এ সিরিজ দিয়েই নতুন করে সামনে এসেছিলেন তিনি। দীর্ঘদিন অভিনয় করছেন শ্যামল। তিনি পুরোপুরিই অভিনয়ের মানুষ। এর মধ্যে ওটিটিতে বেশকিছু সিরিজেই নিজেকে দারুণভাবে উপস্থাপন করেছেন। এ সময়ের তরুণ অভিনেতাদের মধ্যে শ্যামল মাওলা তাই বরাবরই থাকেন আগ্রহের কেন্দ্রে। 

তিনি এরই মধ্যে কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তা পাঠক জেনেছেন। আসন্ন সিনেমাগুলোয়ও নাটক ও সিরিজের মতোই নিজের অভিনয় গুণের মাধ্যমে দর্শককে শ্যামল মাওলা মন্ত্রমুগ্ধ করবেন বলে সবার বিশ্বাস।