বলিউডের এখন ‘টক অব দ্য টাউন’ হলো ‘ডানকি’ ও ‘সালার’-এর প্রতিদ্বন্দ্বিতা। অনেকেই আশা করেছিলেন, দুই সিনেমার কোনো একটি পিছিয়ে যাবে। কিন্তু কেউই ছাড় দিতে রাজি নয়। উল্টো বাড়তি সুবিধা পেতে একদিন এগিয়ে এল রাজকুমার হিরানি পরিচালিত ও শাহরুখ খান অভিনীত ‘ডানকি’। খবর বলিউড হাঙ্গামা।

এর আগে জানানো হয়েছিল, বড়দিন ও নববর্ষকে সামনে রেখে অতিপ্রত্যাশিত দুই সিনেমা মুক্তি পাবে ২২ ডিসেম্বর। এখন বলা হচ্ছে, সোশ্যাল-কমেডিধর্মী ‘ডানকি’ মুক্তি পাবে ২১ ডিসেম্বর।

সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, একদিন আগে মুক্তিতে একাধিক সুবিধা পাবে কিং খানের নতুন ছবিটি।

প্রথম কারণ হলো, কোনো প্রতিযোগিতা ছাড়া ব্যবসা করার জন্য একটি অতিরিক্ত দিন পাওয়া যাবে। বৃহস্পতিবার একক রিলিজে যদি পজিটিভ রিভিউ আসে, তবে তা মুখে মুখে ছড়িয়ে যেতে সময় লাগবে না। তাতে পরের দিনের দর্শক সমাগমে প্রভাব পড়বে। প্রভাস অভিনীত ‘সালার’-এর আগেই শাহরুখকে নিয়ে তৈরি হবে নতুন হাইপ।

শুরু থেকেই বড়দিনের রিলিজ হিসেবে ঘোষিত হয় ‘ডানকি’র নাম। অন্যদিকে একাধিকবার তারিখ পাল্টে প্রতিদ্বন্দ্বিতায় আসে ‘সালার’। এ মুহূর্তে জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস ও বিতর্ক হতে পারে এমন আশংকায় হয়তো মুক্তি এগিয়েও দিতে পারবেন না এ সিনেমার নির্মাতারা।

স্ক্রিন বরাদ্দের দিক থেকে বাড়তি সুবিধা পাবে ‘ডানকি’। একে বলা হচ্ছে, এসআরকে’র মাস্টারস্ট্রোক। কারণ একদিন আগে মুক্তি পাওয়া সিনেমাটিই হল ও পর্দা বরাদ্দের ক্ষেত্রে এগিয়ে থাকবে।

সাধারণত, উৎসবের দিন না হলে বলিউডে শুক্রবার ছাড়া অন্য কোনো দিনে সিনেমা মুক্তির নজির নেই। যেমন শাহরুখের সর্বশেষ সিনেমা ‘জওয়ান’ মুক্তি পায় জন্মাষ্ঠমীর দিন বৃহস্পতিবারে। তবে বিশ্লেষকরা বলছেন, শাহরুখের এখনবার যে ফর্ম, তাতে দিন নিয়ে চিন্তার কিছু নেই। বরং ২১ ডিসেম্বরই জাতীয় ছুটির দিনে পরিণত হতে পারে!

আরো জানা যায়, আন্তর্জাতিক বাজারেও ২১ ডিসেম্বর মুক্তি পাবে ‘ডানকি’।

‘বাহুবলি’র পর গত কয়েক বছরে একাধিক বড় বাজেটের ছবি নিয়ে এলেও কোনোটিতে সুবিধা করতে পারেননি প্রভাস। সেক্ষেত্রে ‘কেজিএফ’-খ্যাত প্রশান্তনীলের ‘সালার’ হতে যাচ্ছে তার জন্য সর্বশেষ বড় সুযোগ।