নির্মাতা টড ফিলিপস এখন অন্তরালে। ‘‌জোকার: ফোলি আ দ্যু’ এডিট করছেন নিভৃতে বসে। ফিলিপস বলেছিলেন, ‘আমি একটা গুহায় বসে সিনেমা এডিট করব।’ সে কাজই করছেন তিনি। তবে এর মধ্যেই জোকার নিয়ে দর্শকের আগ্রহ জাগিয়ে রাখছেন নির্মাতা। নানা সময় প্রকাশ করছেন জোকারের দৃশ্য। সম্প্রতি ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশ করেছেন তিনটি ছবি। জোকার হার্লে কুইন দুজনকেই দেখা যায় ছবিতে। নিজের ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে লিখেছেন, ‘আশা করছি, আপনাদের দিন ভালোবাসায় পূর্ণ।’ সঙ্গে যুক্ত করেছেন জোকার মুক্তি পাওয়ার তারিখ। সিনেমাটি মুক্তি পাবে আগামী ৪ অক্টোবর।

তিনটি ছবির একটি রঙিন ও দুটি সাদাকালো। একটি ছবিতে লাল কোট পরা জোকারকে দেখা যায়। তার মুখে রঙ মাখানো। হার্লে কুইনের গায়ে ফ্লোরাল জামা। তারা ঘুরে তাকিয়েছেন ক্যামেরার দিকে। একটি ছবিতে দেখা যায় জোকার ও হার্লে কুইন একটি মঞ্চে নাচের মুদ্রায় আছেন। তাদের পেছনে লোকালয়ের একটি দৃশ্যপট। জোকার ও হার্লে কুইন মগ্ন নিজেদের মধ্যে। আরেকটি ছবিতে তাদের খুবই অন্তরঙ্গভাবে দেখা গেছে। একজন আরেকজনের মুখোমুখি এবং দুজনের মুখেই হাসি।

ছবিগুলো লেডি গাগাও প্রকাশ করেছেন তার এক্সে। অবশ্য এর সঙ্গে কোলাজ করেছেন নিজের স্টুডিওর দুটি ছবি। সেখানে গান নিয়ে ব্যস্ত থাকতে দেখা গেছে তাকে। ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমরা সত্যিই ফিরে এলাম।’ তার ও ফিলিপসের প্রকাশ করা ছবিতে ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করেছে। তারা জানাচ্ছে, জোকারের জন্য অপেক্ষা করে আছে অধীর আগ্রহে।

অনেকের ধারণা জোকার: ফোলি আ দ্যু প্রথম সিনেমাটির তুলনায় আলাদা। কেননা হার্লেকে এখানে যেভাবে উপস্থাপন করা হচ্ছে তার কোনো ইঙ্গিত প্রথম সিনেমায় ছিল না। তবে সত্যটা হলো ফিলিপস সবসময়ই তার গল্প ভিন্নভাবে বলতে চান। জোকারের গল্পটাও তার নিজের মতো করে বলা। সেখানে এবার তিনি হার্লেকে যুক্ত করেছেন হয়তো জোকারের একটা নতুন দিগন্ত তৈরি করার জন্য। জোয়াকিন ফিনিক্স ও লেডি গাগা, দুজনকেই স্থিরচিত্রগুলোয় দুর্দান্ত লাগছে। এখন দর্শকের অপেক্ষা অক্টোবরের জন্য।