ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। ছোট পর্দা ও ওটিটি মাধ্যমের কাজ নিয়ে ব্যস্ত সময় কাটছে এ অভিনেত্রীর। এরই ধারাবাহিকতায় ‘ফার্মগেট’ নামে একটি নাটকে অভিনয় করতে যাচ্ছেন তিনি। নাটকটির রচনা ও পরিচালনা করেছেন শাহজাদা শাহেদ। ফার্মগেট ও এর আশপাশের এলাকা থেকেই এর দৃশ্য ধারণ করা হবে বলে জানা গেছে।
সামিরা খান মাহি বলেন, ‘ফার্মগেটের গল্প নিয়ে নাটকটি নির্মাণ হবে। এখানে আমি অভিনয় করব সাধারণ এক মেয়ের চরিত্রে। গল্প ও চরিত্র মিলে একটি ভালো কাজ হবে, আশা করাই যায়।’
নতুন এ নাটক ছাড়াও সম্প্রতি মাহি অভিনয় করেছেন রাকায়েত রাব্বির পরিচালনায় একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। শিগগিরই এটি ওটিটি প্লাটফর্মে প্রকাশ হবে।
এছাড়া গৌতম কৌরির পরিচালনায় একটি ঈদ ধারাবাহিকে কাজের কথা রয়েছে এ অভিনেত্রীর। যদিও বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও সরব মাহি। সম্প্রতি সুজনের নির্দেশনায় রিগ্যাল ফার্নিচারের মডেল হয়েছেন তিনি।










