স্টার পাওয়ার দিন দিন কমে যাচ্ছে, এমনই বলছে সবাই। কিন্তু অন্যান্য জায়গায় যেমনই হোক, দক্ষিণ ভারতে সহজে কমছে না তারকাদের জনপ্রিয়তা। এর প্রমাণ দিয়েছেন রজনীকান্ত। সম্প্রতি মুক্তি পেয়েছে রজনীকান্ত অভিনীত সিনেমা জেলার। নেলসন দিলীপকুমার পরিচালিত সিনেমাটি মুক্তির আগেই শোরগোল তুলেছিল। মুক্তির পর সিনেমাটি পাগলা ঘোড়া ছুটিয়েছে। জেলার মুক্তি পেয়েছে ১০ আগস্ট। মুক্তির দিনই সিনেমাটি আয় করেছে ৪৮ কোটি রুপির বেশি। শুক্রবার ২৭ কোটি রুপি আয়ের মাধ্যমে ভারতে এর আয় দাঁড়ায় ৭৫ কোটি রুপির বেশি। ভরাতের বাইরেও সিনেমাটি ভালো আয় করেছে। দুদিনে মোট বৈশ্বিক আয় হয়েছে ৯৬ কোটি রুপির বেশি। তৃতীয় দিনে সিনেমাটি ১০০ কোটি রুপি ছাড়িয়েছে। 

জেলার তার মুক্তির তৃতীয় দিনে ভারতে আয় করেছে ৩৫ কোটি রুপি। চতুর্থ দিনে ৩৩ কোটি রুপির মতো আয় করবে বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে সিনেমাটি চারদিনেই ২৫০ কোটি রুপি ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে। সেটা আসলেই সম্ভব, কেননা এরই মধ্যে সিনেমাটি মোট আয় করেছে ২১৬ কোটি রুপি। এত দ্রুত এত আয় করার ঘটনা সম্প্রতি দেখা যায়নি।

পিংকভিলা জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে জেলার তামিল সিনেমার মধ্যে সবচেয়ে বড় ওপেনিং পেয়েছে। সিনেমাটি তিনদিনে ভারতের বাইরে থেকেই আয় করেছে ১ কোটি ২২ লাখ ডলার। ভারতীয় মুদ্রায় এর পরিমাণ ১০০ কোটি রুপির বেশি। এর আগে পোনিয়িন সেলভান আয় করেছিল ১ কোটি ৩৫ লাখ ডলার। তবে সেটি মুক্তি পেয়েছিল শুক্রবারে। বৃহস্পতিবারে মুক্তি পেয়ে তিনদিনে মুক্তি পাওয়ায় জেলারকে এগিয়ে রাখা হচ্ছে। এদিকে চারদিনের উইকএন্ড পাওয়ার কারণে রজনীকান্তের সিনেমাটি দেড় কোটি ডলার আয় করবে বলেই মনেই হচ্ছে।

ভারতের বাইরে এত বেশি আয় রজনীকান্তের সিনেমাটিকে এগিয়ে রাখছে। জেলার উত্তর আমেরিকায় ৩৯ লাখ, মধ্যপ্রাচ্যে ৩৩ লাখ ৩০ হাজার, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে ৬ লাখ, মালয়েশিয়ায় ১৭ লাখ, সিঙ্গাপুরে ৭ লাখ, যুক্তরাজ্যে ৭ লাখ ২৫ হাজার, ফ্রান্সে ২ লাখ ৭৫ হাজার, ইউরোপে ৫ লাখ ৫০ হাজার ডলার আয় করেছে।

মাসখানেকের বেশি হয় জেলার সিনেমায় তামান্না ভাটিয়ার ভাইরাল নাচে পা মেলাচ্ছে ভারত। ‘‌কাভালেয়া’ গানের সঙ্গে তৈরি হয়েছে বহু কভার ও ডান্স কভার। ফেসবুক রিল ছেয়ে গেছে এ গানে। জেলারে রজনীকান্তের উপস্থিতি নিয়ে দর্শককে আগ্রহী করেছে এতে কোনো সন্দেহ নেই, কিন্তু তামান্নার এ গান ও নাচ সিনেমার প্রচারে ভূমিকা রেখেছে। তবে জেলার আরেকবার প্রমাণ করল এখনো স্টার পাওয়ার দিয়ে বক্স অফিসের দখল রাখা যায়।

সূত্র: পিংকভিলা