মাছরাঙা টেলিভিশনের নিয়মিত আয়োজন স্টার নাইট। মৌসুমী মৌয়ের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন অজয় পোদ্দার। এটি মূলত একটি সেলিব্রিটি টক শো। প্রতি সপ্তাহে একজন সেলিব্রিটি থাকেন অতিথি হিসেবে। তিনি নিজের ক্যারিয়ার ও জীবনের নানা বিষয় দিয়ে গল্প করেন।

এই অনুষ্ঠানের নতুন পর্ব আগামীকাল রাত ৯টায় প্রচার হবে। এই পর্বে অতিথি থাকছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি।

স্টার নাইটের এবারের পর্বে সংগীত জীবনের পাশাপাশি নিজের ব্যক্তিজীবনের অনেক অপ্রকাশিত কথা বলবেন ন্যান্সি। সেই সঙ্গে বলবেন ইন্ডাস্ট্রিতে পথচলায় ভালো-মন্দ নানারকম অভিজ্ঞতা, প্রতিবন্ধকতা, সংগ্রাম ও সাফল্যের গল্প। স্টার নাইটে থাকে বিশেষ একটি সেগমেন্ট। সেখানে তারকার কাছেন মানুষেরা তার সম্পর্কে বলেন। এই পর্বে ন্যান্সির সহকর্মী, কাছের বন্ধু, এবং পরিবারের সদস্যরা তার সম্পর্কে বলবেন।

এখানেই শেষ নয়। অনুষ্ঠানে তার প্রিয় গান, নাটক, চলচ্চিত্রের বিভিন্ন ক্লিপিংসও দেখানো হবে। সব মিলিয়ে স্টার নাইটের এবারের পর্বে সংগীতশিল্পী ন্যান্সিকে নতুন করে চেনা যাবে।