ভারতের জন্য সম্মান বয়ে এনেছে কার্তিকী গনজালভেসের তথ্যচিত্র ‘‌দি এলিফ্যান্ট হুইসপারারস’। গনজালভেস পরিচালিত ও গুণিত মোঙ্গা প্রযোজিত এ তথ্যচিত্র সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে এ বছরের একাডেমি অ্যাওয়ার্ডসে। তথ্যচিত্রে বোমান-বেলী দম্পতিকে দেখা গেছে তাদের প্রিয় হাতির সঙ্গে। দি এলিফ্যান্ট হুইসপারারসের সাফল্যে ভারতের সবাই খুশি। কিন্তু পুরস্কার পাওয়ার পরও অনেকদিন পর্যন্ত তথ্যচিত্রটি দেখার সুযোগ পাননি এ দম্পতি। এবার তারা জানালেন, নির্মাতারা তাদের সঙ্গে দুর্ব্যবহার করার পাশাপাশি বোমান ও বেলীকে প্রাপ্য অর্থ দিতেও গড়িমসি করছেন।

তথ্যচিত্রে একটি বিয়ের দৃশ্য ছিল। সেখানে বোমান ও বেলী নিজেদের টাকা খরচ করেছেন। কিন্তু এরপর কার্তিকী বা নির্মাতারা তাদের সে টাকা ফেরত দেননি। ইউটিউবে একটি সাক্ষাৎকারে এ দম্পতি বলেন, ‘‌কার্তিকী আমাদের বলেছিলেন বিয়ের দৃশ্যটা এক দিনে শুট করবেন। কিন্তু তার কাছে টাকা ছিল না। আমাদেরই বলেছিলেন টাকাটা দিতে। আমাদের প্রায় ১ লাখ টাকা খরচ হয়েছে। কার্তিকী আমাদের বলেছিলেন টাকাটা ফেরত দেবেন, কিন্তু তা এখন পর্যন্ত দেননি। যখনই আমরা যোগাযোগ করি, উনি ব্যস্ততার অজুহাত দিয়ে পরে ফোন করবেন বলেন। কিন্তু কখনই ফোন করেন না।’

অভিযোগের কথা সরাসরি উল্লেখ না করে একটি বিবৃতি দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান শিখ্যা এন্টারটেইনমেন্ট ও কার্তিকী গনজালভেস। বিবৃতিতে তারা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীসহ ফরেস্ট ডিপার্টমেন্ট ও বোমান-বেলীকে ধন্যবাদ দিয়েছেন। এ ছাড়াও বিবৃতিতে বলা হয়েছে, ‘‌তথ্যচিত্রটি দেশের প্রধান ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানের প্রশংসা পেয়েছে। একাডেমি অ্যাওয়ার্ড বয়ে এনেছে বোমান ও বেলীর জন্য সম্মান। আমাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ অসত্য। এ তথ্যচিত্রের সঙ্গে যুক্ত সবাইকে আমরা সম্মান জানাই।’

সূত্র: ইয়ন