এবছরের জানুয়ারিতে মারা গেছেন এলভিস প্রিসলির কন্যা লিসা মেরি প্রিসলি। আর সোফিয়া কপোলা পরিচালিত ‘প্রিসিলা’ মুক্তি পেয়েছে ৪ সেপ্টেম্বর। সিনেমাটি মুক্তির আগে একাধিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনী হয়েছে। গত বছর মুক্তি পেয়েছিল বাজ লুরম্যান পরিচালিত এলভিস প্রিসলির বায়োপিক ‘এলভিস’। মজার ব্যাপার, এলভিস নিয়ে বেশকিছু আপত্তি জানিয়েছিলেন প্রিসিলা। অন্যদিকে ‘প্রিসিলা’ নির্মিত হয়েছে তার অনুমতি নিয়েই। সোফিয়া কপোলা বেশ কয়েক দফা আলোচনায় বসেছিলেন প্রিসিলার সঙ্গে। এলভিসের সঙ্গে ‘প্রিসিলা’র পার্থক্য, প্রিসিলা নির্মিত হয়েছে এলভিসের স্ত্রী প্রিসিলাকে কেন্দ্র করে। কিন্তু এ সিনেমা নিয়ে আপত্তি জানিয়েছিলেন এলভিসের কন্যা লিসা মেরি প্রিসলি। এর চিত্রনাট্য সম্পর্কে লিসার বক্তব্য ছিল—‘গল্পটা প্রতিহিংসাপরায়ণ’।
প্রিসিলা প্রিসলি একটি স্মৃতিকথা প্রকাশ করেছিলেন ১৯৮৫ সালে। সোফিয়া কপোলা তার সিনেমাটি নির্মাণ করেছেন ‘এলভিস অ্যান্ড মি’ নামের এ বই থেকে। বই প্রকাশের পর থেকেই এ নিয়ে নানা আলোচনা হয়েছে। আলোচনার একটি কারণ হলো বইয়ে এলভিস ও প্রিসিলার প্রেম নিয়ে খোলাখুলি কথা বলেছিলেন প্রিসিলা। প্রেম শুরুর সময় এলভিসের বয়স ছিল ২৪ ও প্রিসিলার ১৪ বছর। তবে এ নিয়ে প্রিসিলা খুবই ইতিবাচক। বয়সের কারণে এলভিস তার ওপর কোনো চাপ খাটাননি বলেই বারবার জানিয়েছেন প্রিসিলা।
কিন্তু লিসার আপত্তি ছিল এ বিষয়ে। তিনি বলেন, ‘বিষয়টা আমার বাবাকে ভিন্নভাবে প্রকাশ করে। কন্যা হিসেবে এটা আমার জন্য মেনে নেয়া কঠিন। আমি এটা পছন্দ করিনি এবং আমার মায়ের ধ্যানধারণার সঙ্গেও একমত নই। আমার কাছে বিষয়টি মায়ের একটি সাধারণ স্মৃতিচারণের চেয়ে একটি প্রতিহিংসাপরায়ণ চিত্রায়ণ বলেই মনে হয়েছে।’ সিনেমার চিত্রনাট্য দেখে এ কথা লিসা জানিয়েছিলেন সোফিয়াকে। সম্প্রতি সোফিয়ার কাছে পাঠানো ই-মেইল হাতে এসেছে ভ্যারাইটির। তারাই একটি বিশেষ প্রতিবেদনে এ কথা জানিয়েছে।
ভ্যারাইটি দুটি ই-মেইলের কথা উল্লেখ করেছে, যা লিসা পাঠিয়েছিলেন গত বছর সেপ্টেম্বরে। পাশাপাশি তারা জানাচ্ছে, লিসা স্পষ্ট করে বলেছেন তিনি সিনেমাটির বিরুদ্ধে প্রতিবাদ করবেন। তিনি লিখেছেন, ‘ইতিবাচক থাকার জন্য আমাকে জোর করা হচ্ছে কিন্তু আমি এ সিনেমার ক্ষেত্রে আপনার এমনকি আমার মায়ের বিরুদ্ধে জনসমক্ষে প্রতিবাদ করব।’
এর বিপরীতে নিজের প্রতিনিধির মাধ্যমে সোফিয়া জানিয়েছিলেন, ‘আমি আশা করি সিনেমাটি নির্মাণ শেষ হলে এটি দেখার পর আপনার ধারণা বদলাবে। আমি আপনার মাকে সম্মান করি। পাশাপাশি এটাও বুঝি যে তার গল্পটা বলার পাশাপাশি আপনার বাবাকেও সঠিকভাবে উপস্থাপন করা জরুরি।’ এ বছর ভেনিস চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল সিলেকশনে ছিল ‘প্রিসিলা’। পাশাপাশি এ সিনেমায় অভিনয়ের জন্য ক্যালি স্প্যানি জিতে নিয়েছেন সেরা অভিনেত্রীর পুরস্কার।
সূত্র: ভ্যারাইটি










