নতুন করে ফিরছেন সালমান খান। নভেম্বরে মুক্তি পাচ্ছে তার টাইগার থ্রি। টাইগার সিরিজের সর্বশেষ সিনেমা ‘টাইগার জিন্দা হ্যায়’ মুক্তি পেয়েছিল ২০১৭ সালে। সে সিনেমায় ভারত ও পাকিস্তানের এজেন্সির মিলিত প্রয়াস দেখেছিল দর্শকরা। তারপর টাইগার আবার গা ঢাকা দিয়েছে। তবে এবার ফিরছে নিজেকে নির্দোষ প্রমাণ করতে। কিন্তু তার অপরাধটা কী?
স্পাইদের গল্পে একটি সাধারণ বিষয় হলো নানা সময় তাদের ভুল বোঝা হয়। ভারতে স্পাই স্টোরি নিয়ে খুব বেশি কাজ হয়নি। তবে উপমহাদেশে এজেন্সির গল্পের সাধারণ পরিচিত একটি বিষয় হলো একজন ভালো স্পাইকেও দেশদ্রোহী মনে করা হবে। তারপর সে প্রমাণ করবে আসলে সে একজন সত্যিকারের দেশভক্ত। এদিকে টাইগারের গল্পে সে প্রেমে পড়েছিল একজন বিদেশী এজেন্টের। ফলে আরো বেশি সন্দেহ জাগাবে। ছয় বছরে টাইগারের জীবনে বদলে গেছে অনেক কিছু। টাইগার থ্রি সে গল্পই বলবে।
গতকাল প্রকাশ হওয়া ‘টাইগার থ্রি’র টিজারকে বলা হচ্ছে ‘টাইগার কা মেসেজ’। টিজারে সালমান খানকে তুলনামূলক বয়স্ক মনে হচ্ছে। সিনেমায় তার ছেলের একটি চরিত্রও আনা হচ্ছে। টাইগার বলছে, ‘এতদিন আমি দেশের জন্য কাজ করেছি, কিন্তু কিছু চাইনি। এবার চাই। ভারতই আমার চারিত্রিক সনদ দেবে। আমার ছেলেকে বলবে তার বাবা দেশদ্রোহী নাকি দেশভক্ত।’
টাইগার যুক্ত হচ্ছে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সে। মূলত পাঠান থেকেই যুক্ত হয়ে গেছে। বিষয়টি অনেক আগেই আনুষ্ঠানিক ঘোষণা পেয়েছে। এবার টাইগারের টিজারেও বলা হলো ‘টাইগার জিন্দা হ্যাঁয়’, ‘ওয়ার’ ও ‘পাঠান’-এর গল্প ধরে এগোবে টাইগার। সিনেমায় শাহরুখ খানের ক্যামিও থাকছে। টিজারে তার কোনো আভাস রাখা হয়নি। তবে দুর্দান্ত অ্যাকশন, চেজিং, ফাইট সিকোয়েন্স থাকবে তা বোঝা যাচ্ছে। যশরাজের ব্যানারে এবারের সিনেমাটি পরিচালনা করছেন মনীশ শর্মা। সিনেমায় সালমান খানের বিপরীতে যথারীতি অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ। এছাড়া খল চরিত্রে থাকছেন ইমরান হাশমী। নতুন যুক্ত হয়েছেন আশুতোষ রানা। ওয়ার ও পাঠানের মতো তিনি অভিনয় করবেন কর্নেল লুথরা চরিত্রে। আরো থাকছেন ঋদ্ধি ডোগরা ও ‘মারদানি টু’খ্যাত বিশাল জেঠওয়া।
সব মিলিয়ে আগামী ১০ নভেম্বর বক্স অফিস কাঁপানোর জন্য প্রস্তুত টাইগার। টিজার দিয়ে মূলত সে বার্তাই দিলেন সালমান খান।
সূত্র: যশরাজ ফিল্মস










