চট্টগ্রামের আঞ্চলিক ভাষা ও সংস্কৃতি নিয়ে মানুষের আলাদা আকর্ষণ রয়েছে। এ অঞ্চলের  ভাষা-সংস্কৃতি বড় পর্দায় উঠে এসেছে মেইড ইন চিটাগং সিনেমার মধ্য দিয়ে। ইমরাউল রাফাত পরিচালিত কমেডি ধারার সিনেমাটি গত ১৮ নভেম্বর মুক্তি পায়। বায়োস্কোপ ফিল্মসের পরিবেশনায় এবার মেইড ইন চিটাগং মুক্তি পেয়েছে যুক্তরাষ্ট্রে। গতকাল দেশটির ২২টি শহরের ৫১টি প্রেক্ষাগৃহে দেখানো হয় চট্টগ্রামের সম্পূর্ণ আঞ্চলিক ভাষায় নির্মিত এ সিনেমা। পরিবেশনা সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, জ্যামাইকা মাল্টিপ্লেক্স সিনেমায় সপ্তাহব্যাপী ২৮টি শো থাকবে। রূপকথা প্রডাকশনসের ব্যানারে নির্মিত রোমান্টিক কমেডি ঘরানার সিনেমাটি প্রযোজনা করেন এনামুল কবির সুজন। 

মেইড ইন চিটাগং সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেন পার্থ বড়ুয়া, অপর্ণা ঘোষ, সাজু খাদেম, নাসিরুদ্দিন, মুকিত জাকারিয়া, চিত্রলেখা গুহ। এর মাধ্যমে দ্বিতীয়বারের মতো বড় পর্দায় হাজির হচ্ছেন সংগীত তারকা পার্থ বড়ুয়া। এর আগে অমিতাভ রেজা চৌধুরীর সিনেমা ‘আয়নাবাজি’-তে সাংবাদিক সাবের হোসেনের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

সিনেমাটির মুক্তি উপলক্ষে ৬ ফেব্রুয়ারি জ্যাকসন হাইটসে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। তাতে ছিলেন বায়োস্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ, প্রযোজক এনামুল কবির সুজন, অনলাইনে যুক্ত হয়েছিলেন সিনেমার অভিনেতা পার্থ বড়ুয়া। 

বায়োস্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ বলেন, ‘‌কভিড ও তার পরবর্তী সময়ে আমরা খুব দুশ্চিন্তাগ্রস্ত সময় কাটিয়েছি। এখন সবার একটু হালকা হওয়া উচিত, উচিত একটু হাসা। মেইড ইন চিটাগং সে সুযোগ করে দেবে। রোমান্টিক কমেডির এ সিনেমা পরিবারের সবাইকে নিয়ে হেসে-আনন্দে দেখার মতো একটি সিনেমা।’

রাজ আরো জানান, মেইড ইন চিটাগং বাংলা ও ইংরেজি দুটি ভাষায় সাব-টাইটেল করা থাকবে। সিনেমাটি কানাডা ও মধ্যপ্রাচ্যের দুবাই, ইউএই, কুয়েত, সৌদি আরব ও ওমানেও পরিবেশনার দায়িত্ব নিয়েছে বায়োস্কোপ ফিল্মস।