বাংলাদেশ টেলিভিশন দেশের শিশু-কিশোর প্রতিভা অন্বেষণ ও সারা দেশে সাংস্কৃতিক চর্চাকে বেগবান করার লক্ষ্যে ‘নবস্পন্দন’ শিরোনামে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে। ৮-১৪ বছর বয়সী সব শিশু-কিশোরের অংশগ্রহণে সংগীত, নৃত্য ও অভিনয় তিনটি বিষয়ে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। একজন প্রতিযোগী এক বা একাধিক বিষয়ে অংশগ্রহণ করতে পারবে। এছাড়া বিশেষ চাহিদা সম্পন্ন ও তৃতীয় লিঙ্গের শিশু-কিশোররাও অংশ নিতে পারবে।
বৃহস্পতিবার বিটিভির সদর দপ্তরের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন বিটিভির মহাপরিচালক ড. মো. জাহাঙ্গীর আলম। মহাপরিচালক বলেন, ‘আমরা মনে করি, জাতীয় সংস্কৃতি বিকাশে সহায়তা করা বাংলাদেশ টেলিভিশনের নৈতিক দায়িত্ব। নবস্পন্দন শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে খুব সহায়ক হবে। প্রধানমন্ত্রীর উৎসাহে তথ্য ও সম্প্রচারমন্ত্রীর উদ্যোগ ও দিকনির্দেশনায় বিটিভিতে শুরু হতে যাচ্ছে নবস্পন্দন।’
তিনি জানান, প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের টেলিটকের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এ প্রতিযোগিতার জন্য একটি লগো ও থিম সং নির্মাণ করা হয়েছে। বিটিভিতে এ-সংক্রান্ত একটি টিজারের প্রচার শুরু হয়েছে। প্রতিযোগিতা অংশগ্রহণকারীদের প্রাথমিক পর্বের অডিশন বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে। প্রাথমিক পর্বে উত্তীর্ণ প্রার্থীরাই জাতীয় পর্যায়ে ঢাকায় চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করবে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও জমাদান শুরুর তারিখ ৩০ অক্টোবর এবং শেষ ৩০ নভেম্বর ২০২৩। প্রতিযোগিতায় প্রতিটি বিষয়ে অংশগ্রহণে জনপ্রতি ১১২ টাকা টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে। প্রতিযোগিতাসংক্রান্ত যাবতীয় তথ্য বাংলাদেশ টেলিভিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে।
উল্লেখ্য, শিল্পী মুস্তাফা মনোয়ারের হাত ধরে ১৯৬৬ সালে তৎকালীন পাকিস্তান টেলিভিশনে শুরু হয়েছিল শিশুশিল্পীদের জন্য প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’। দেশ স্বাধীনের পর ১৯৭৬ সালে বাংলাদেশ টেলিভিশনে নতুন আঙ্গিকে নতুন কুঁড়ি শুরু হয়। দীর্ঘদিন পর বিটিভি আবার শুরু করতে যাচ্ছে শিশু-কিশোরদের অংশগ্রহণে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান নবস্পন্দন।










