টেইলর সুইফট তার এরাস ট্যুর নিয়ে ব্যস্ত ছিলেন এ বছর। কভিডের পর এ বছর তার ট্যুর জনপ্রিয় হয়েছে। এরাস ট্যুর নিয়ে বারবার খবরের শিরোনাম হয়েছেন টেইলর। কভিডে সব ধরনের কনসার্ট বন্ধ থাকার পর এরাস ট্যুরের মাধ্যমে নতুন করে দর্শক-শ্রোতাদের বিনোদিত করেছেন তিনি। এবার জানালেন, আগামী বছরও দীর্ঘ ট্যুর করবেন টেইলর। ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে আগস্ট বা সেপ্টেম্বর পর্যন্ত চলবে তার ট্যুর ও কনসার্ট। এর মধ্যে ওয়েম্বলি স্টেডিয়ামে থাকবে কয়েকটি কনসার্ট। তবে এ ট্যুরের বিশেষত্ব হলো এতে অন্তর্ভুক্ত হবে বেশকিছু নতুন দেশ। এর মধ্যে থাকছে জাপান, ফ্রান্স, ইতালি, স্পেন, জার্মানি, অস্ট্রেলিয়া ও আরো কয়েকটি দেশ।

কনসার্টের খবর শেয়ার করে টুইটে টেইলর লেখেন, ‘‌এক্সকিউজ মি, আমার কিছু বলার আছে। দেখা যাক, আপনারা কে কে আগামী বছরের এরাস ট্যুরে যুক্ত হতে পারেন।’ এরাস ট্যুরের বিস্তারিত শিডিউল দিয়ে তিনি নিজের সাইটের লিংক দিয়ে জানান টিকিট, প্রি-সেলস ও রেজিস্ট্রেশনের জন্য সেখানেই নজর রাখতে হবে। 

টেইলর জানাননি যে ট্যুরের কনসার্ট কার মাধ্যমে শুরু হবে। তবে তিনি জানিয়েছেন, সাবরিনা কার্পেন্টার অন্তত সাত থেকে আটটি ভেনুতে কনসার্ট শুরু করবেন। এর মধ্যে মেলবোর্নে একটি, সিঙ্গাপুরে চারটি ও আরো কিছু ট্যুর কনসার্টে তিনি থাকবেন। বাকি কনসার্টগুলোর খবর সামনের মাসে তিনি জানাবেন। আপাতত টেইলর সুইফট তার এ বছরের ট্যুর ও কনসার্ট দিয়ে ব্যস্ত। এ বছর তিনি যে ট্যুরগুলো করছেন, তাতে ভক্তদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছেন। তার স্টেজ পারফরম্যান্স মনে করিয়ে দিয়েছে কনসার্ট ও পারফরম্যান্সের দিন আজও শেষ হয়নি। সে কারণেই এ বছরের ট্যুর শেষ হওয়ার আগেই নতুন ট্যুরের ঘোষণা করলেন তিনি।

আগামী বছরের এরাস ট্যুর কয়েকটি কারণে গুরুত্বপূর্ণ। বিষয়টি মূলত ভেনু সম্পর্কিত। টেইলর তার এ ট্যুর শুরু করবেন জাপান থেকে। আগামী ৭-১০ ফেব্রুয়ারি জাপানে চারটি কনসার্ট করবেন তিনি। এরপর তার কনসার্ট হবে অস্ট্রেলিয়ায়।

সূত্র ও ছবি: ভ্যারাইটি