নানা জটিলতার পর মুক্তি পাচ্ছে ওম রাউতের আদিপুরুষ। রামায়ণের কাহিনী অনুসরণ করে নির্মিত হয়েছে এ সিনেমার গল্প। দীর্ঘ অপেক্ষা করতে হয়েছে সিনেমাটির জন্য। প্রথমে গল্প সাজানো ও পরে নির্মাণে গেছে অনেকটা সময়। প্রথম ট্রেলারের পর শুরু হয় নানা বিতর্ক। চরিত্রদের উপস্থাপনের পাশাপাশি দর্শক আপত্তি জানিয়েছিলেন সিনেমার ভিএফএক্স নিয়েও। সবকিছু নতুন করে আবার করেছেন ওম রাউত। বড় বাজেটের সিনেমাটির বাজেট বেড়েছে আরো। এখন সিনেমার মোট খরচের পরিমাণ বলা হচ্ছে ৭০০ কোটি রুপি। এত বড় বাজেটের সিনেমা কতটা লাভ করবে, তা নিয়ে সন্দেহ ছিল। কিন্তু এরই মধ্যে সিনেমাটি আয় করে ফেলেছে ১৫০ কোটি রুপি।
আদিপুরুষ মুক্তি পাচ্ছে একাধিক ভাষায়। সিনেমাটির তেলেগু ভার্সনের স্বত্ব বিক্রি হয়েছে। এর মাধ্যমেই ১৫০ কোটি রুপি আয় হয়েছে আদিপুরুষের। অর্থের পরিমাণ ১৬০-১৭০ কোটি রুপি প্রায়। টাকার অংক স্পষ্ট করে এখনো জানানো হয়নি। তবে দক্ষিণ ভারতের একটি জনপ্রিয় পরিবেশনা সংস্থা আদিপুরুষের তেলেগু স্বত্ব কিনেছে বলে জানিয়েছে ভারতের একাধিক গণমাধ্যম। এর মধ্য দিয়ে সিনেমার প্রথম পর্যায়ের সাফল্য এল বলা চলে।
ওম রাউত সবসময়ই ভিএফএক্স নিয়ে কাজ করতে পছন্দ করেন। আদিপুরুষ তার স্বপ্নের প্রজেক্ট। কিন্তু সেখানে প্রথম পর্যায়ের ট্রেলারে ভিজ্যুয়াল ইফেক্ট পছন্দ করেনি দর্শক। সিনেমাটি নিয়ে তাই নতুন করে কাজ করেন তিনি। দ্বিতীয় ট্রেলারটি মুক্তির পর দর্শক আগের তুলনায় প্রশংসা করেছে এর। সোমবার মুক্তি পেয়েছে সিনেমার গান ‘রাম সিয়া রাম’। এ গানের প্রশংসা করছেন দর্শকদের একটি বড় অংশ। আগামী ১৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। এখন আশা করা হচ্ছে, আগের তুলনায় বেশি দর্শক টানবে আদিপুরুষ।
রামায়ণ অনুসৃত সিনেমাটিতে রামচন্দ্রের চরিত্রে অভিনয় করেছেন প্রভাস। সীতার চরিত্রে দেখা যাবে কৃতি শ্যাননকে।
আদিপুরুষ ওম রাউতের স্বপ্নের সিনেমা হওয়ার পাশাপাশি প্রভাসের জন্যও গুরুত্বপূর্ণ। সাহো ও রাধ্যে শ্যাম বক্স অফিসে ভালো না করার কারণে ব্যাকফুটে আছেন তিনি। আদিপুরুষ দিয়ে নতুন করে ফিরতে পারেন তিনি। তবে সিনেমাটিতে অভিনয় করার জন্য এরই মধ্যে ভালো লাভ করেছেন প্রভাস। এ সিনেমায় চড়া পারিশ্রমিক নিয়েছেন তিনি। দক্ষিণের তারকাদের তুলনায় ৫০ গুণ পারিশ্রমিক পেয়েছেন। কোনো কোনো গণমাধ্যম বলেছে, ১৫০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন প্রভাস।
রামায়ণ নিয়ে এর আগেও ভারতে বহু সিনেমা, সিরিজ ও অ্যানিমেশন তৈরি হয়েছে। ওম রাউত নতুন করে গল্প বলতে চেয়েছেন। সেটি দর্শকের কতটা পছন্দ হবে তা সময় বলে দেবে।
সূত্র: হিন্দুস্তান টাইমস










