ওটিটির বাইরে দেখাই যায় না অভিনেত্রী নিশাত প্রিয়মকে। মহানগর, অদৃশ্য, মানি হানির মতো আলোচিত ওয়েব সিরিজে অভিনয় করেছেন এ অভিনেত্রী। ঠাণ্ডা, প্রায়শ্চিত্ত, দাগের মতো ওয়েব ফিল্মে কাজ করেছেন তিনি।
সম্প্রতি এ অভিনেত্রীকে দেখা গেল ওয়েব ফিল্ম সেকশন ৩০২-এ। রিয়াদ মাহমুদের পরিচালনায় শিল্পী নিশাত প্রিয়ম অভিনয় করেছেন একজন ব্যবসায়ীর স্ত্রীর চরিত্রে। নাম সামিরা চৌধুরী, যিনি এ দেশের উচ্চতর সমাজের প্রতিনিধি হিসেবে নিজেকে প্রকাশ করেছেন। যার ব্যবসায়ী স্বামী আকস্মিকভাবে মারা যান এবং এ ঘটনায় প্রধান সন্দেহভাজন এক ফুড ডেলিভারি বয়।
তবে এর নেপথ্যে কে রয়েছে সেটা নিয়ে আছে আরেক রহস্য। নিশাত প্রিয়ম বলেন, ‘এখানে আমি এক ব্যবসায়ীর স্ত্রী যে খুন হয়। এছাড়া আমার চরিত্রটাই এখানে নানাভাবে মুখ্য হয়ে উঠেছে। তার চলাফেরা, জীবনযাপনে আভিজাত্যের পাশাপাশি অহম বোধ ও এলিট শ্রেণীর প্রতিনিধিত্ব দেখা যায়। একই সঙ্গে চরিত্রটিকে আমি বোল্ট হিসেবে উল্লেখ করতে পারি। কারণ আমার চলাফেরায় উগ্রতা রয়েছে, আমি কাউকে কেয়ার করি না, খুবই বিশৃঙ্খল জীবন যাপন করি, ফলে চরিত্রটি নানা দিক থেকে উল্লেখযোগ্য হয়ে ওঠে। এছাড়া এ ফিল্মে আরো দুটি নারী চরিত্র রয়েছে, তারাও আমার সঙ্গে সম্পৃক্ত।’
ফিল্মটি নিয়ে তিনি আরো বলেন, ‘এটি একটি চমৎকার থ্রিলার ফিল্ম, যারা থ্রিলার গল্প পছন্দ করেন তাদের ভালো লাগবে, রহস্যঘেরা এ ফিল্মে নানা বাঁক রয়েছে।’
শুধুই কি ওটিটিতে কাজ করবেন, নিশাত প্রিয়ম এমন প্রশ্নের জবাবে জানালেন, ‘আসলে ওয়েব সিরিজ বা ওয়েব ফিল্মে ব্যাক টু ব্যাক করা হয়ে যাচ্ছে, এটা কাকতালীয়, আমার মুক্তির অপেক্ষায় রয়েছে আরো দুটি ফিল্ম তবে আমি যে শুধু ওটিটিতে কাজ করব এমনটা নয়, ভালো চিত্রনাট্য পেলে সবসময় সব মাধ্যমে কাজ করব। চলচ্চিত্র আমার পছন্দের জায়গা সেখানে কাজ করব চিত্রনাট্য ভালো পেলে, আর টিভি নাটকের প্রতিও আমার ভীষণ ভালো লাগা আছে।










